আইফোনের কিস্তি নাকি সম্পত্তি নিয়ে রক্তক্ষয়ী বিবাদ! তিন মৃত্যুর ঠিক আগে কোন অভিশাপ দিয়ে গিয়েছিলেন মা?

আইফোন কেনার বায়না নাকি তার নেপথ্যে ছিল কোনো গভীর পারিবারিক ও সম্পত্তিগত বিবাদ? মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। পাহাড় থেকে পড়ে বাবা, মা ও ছেলের মৃত্যুর পর মৃত গৃহবধূ সঙ্গীতা চন্দগুড়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে দানা বেঁধেছে নতুন রহস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সম্ভাজীনগরের কোঢ্যা পাহাড়ে মর্মান্তিক এই পরিণতি হয় ১৮ বছরের কুণাল, তাঁর বাবা মুরলীধর এবং মা সঙ্গীতার। প্রাথমিক তদন্তে আইফোনের ইএমআই বা কিস্তির টাকা নিয়ে বচসার কথা উঠে এলেও, তদন্ত যত এগোচ্ছে ততই পারিবারিক অশান্তি ও সম্পত্তির বিরোধের মতো গুরুতর বিষয়গুলি সামনে আসছে। আর এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে ঘটনার ঠিক আগে সঙ্গীতার করা একটি ইউটিউব পোস্ট ও ভিডিও।
সামনে আসা সেই পোস্টে কাউকে সরাসরি নাম না করে তীব্র ক্ষোভ ও অভিশাপ উগরে দিয়েছিলেন সঙ্গীতা। তিনি লিখেছিলেন, ‘তুমি সম্পত্তি থেকে আমার আর আমার ছেলের অধিকার কেড়ে নিয়েছ। আমার সুখের সংসার ধ্বংস করেছ। তোমার সাত পুরুষ এই ফল ভুগবে।’ পুলিশ খতিয়ে দেখছে ঠিক কার উদ্দেশ্যে এই চরম বার্তা দিয়েছিলেন তিনি। এছাড়া মৃত্যুর আগের দিন সম্পর্কের টানাপড়েন নিয়ে মারাঠিতে একটি মোটিভেশনাল ভিডিও পোস্ট করেছিলেন সঙ্গীতা, যেখানে তিনি পারস্পরিক সম্মানহীন সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন।
পারিবারিক সূত্রে খবর, ছ’বছর আগে বড় ছেলের মৃত্যুর পর থেকেই এই পরিবারে চরম অশান্তি শুরু হয়েছিল। পেশায় চালক মুরলীধর পরিবারের থেকে দূরত্ব বজায় রাখতেন। ঘটনার দিন আইফোনের টাকা নিয়ে বচসার পর কুণাল পাহাড়ে গিয়ে আত্মহত্যার হুমকি দিলে তাঁকে বাঁচাতে গিয়ে একে একে খাদে পড়ে যান বাবা-মা দু’জনেই। শুধুই কি শখের আইফোন, নাকি এই মর্মান্তিক মৃত্যুর পিছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত পারিবারিক ক্ষোভ ও সম্পত্তির লড়াই—পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।