পিতৃতন্ত্রকে ভেঙে ফেলার ডাক রাহুলের! মেয়েদের স্বাধীনতা ও পরিচয় নিয়ে বড় মন্তব্য

সমাজ নির্ধারিত গণ্ডির মধ্যে আর নয়। নিজেদের পরিচয় মেয়েদের নিজেদেরই তৈরি করতে হবে। শনিবার দিল্লির একটি ছাত্রসভায় এমনই কড়া বার্তা দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্যকে সামনে রেখে সরাসরি আক্রমণ শানিয়েছেন তিনি। পিতৃতন্ত্র এবং সমাজের পুরনো মানসিকতার বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক দিয়েছেন রাহুল।

দিল্লির যন্তর মন্তরে পেপার ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে মেয়েদের গালিগালাজের প্রসঙ্গ তুলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, মেয়েদের মুখে এমন ভাষা শুনে তিনি সাংস্কৃতিক ধাক্কা পেয়েছেন। রাহুলের ‘ছাত্র কি গুঞ্জ’ কর্মসূচিতে ছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই প্রসঙ্গটি জোরালোভাবে উঠে আসে।

এরই জবাবে রাহুল বলেন, বিক্ষোভে ছেলে এবং মেয়ে—উভয় পক্ষই কড়া ভাষা ব্যবহার করেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশেষভাবে মেয়েদের কথাই সামনে আনা হয়েছে। রাহুলের দাবি, ছেলেরা গালি দিলে কোনও সমস্যা হয় না, কিন্তু কোনও মেয়ে একই কাজ করলেই তা সাংস্কৃতিক ধাক্কা হয়ে দাঁড়ায়। এর পেছনে এমন একটি মানসিকতা কাজ করে যেখানে ছেলেদের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয় এবং মেয়েদের সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা চলে।

প্রাচীন মনুস্মৃতির প্রসঙ্গ টেনে রাহুল বলেন, নারীর জীবনে বাবা, স্বামী বা সন্তানের অধীন থাকার যে ধারণার কথা বলা হয়েছে, তার পরিবর্তন হওয়া দরকার। একজন মহিলা কারও সম্পত্তি নন। তিনি নিজের পরিচয়ে বাঁচবেন। বাবা, স্বামী বা সন্তানের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সেটাই তাঁর একমাত্র পরিচয় হতে পারে না।

এদিন রাহুলের কড়া বার্তা, পিতৃতন্ত্র মেয়েদের ভয় দেখায়, নিয়ন্ত্রণ করে এবং তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। তাই একসঙ্গে এই মানসিকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। নির্ভয়ে কথা বলতে হবে এবং নিজের অধিকারের জন্য সোচ্চার হতে হবে। শারীরিক হিংসা, সুযোগ থেকে বঞ্চিত করা এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলি তুলে ধরে সমাজে নারীদের প্রতি বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সওয়াল করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *