SPORTS: ডুরান্ড ফাইনালের মেগা ডার্বি, জেনেনিন কোন চ্যানেলে FREE-তে দেখবেন?

রবিবারের ডুরান্ড কাপের ফাইনাল মানেই কেবল একটি ট্রফির লড়াই নয়, এটি বাংলার ফুটবল সংস্কৃতির সবচেয়ে বড় আবেগ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই মেগা ফাইনালকে ঘিরে গোটা শহরে এখন উৎসবের আমেজ। টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে ভিড় জমাতে চলেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উদ্যোক্তাদের আশা, ফাইন্যালের দিন মাঠে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতি নিয়েও জল্পনা রয়েছে, যা সমর্থকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।
তেইশের স্মৃতি এবং ছাব্বিশের সমীকরণ
২০২৩ সালের ডুরান্ড ফাইনালে এই দুই দলের লড়াইয়ের স্মৃতি এখনও টাটকা। সেবার দিমিত্রি পেত্রাতোসের একমাত্র গোলে মোহনবাগান চ্যাম্পিয়ন হলেও, টুর্নামেন্টের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের জয়ও কম গুরুত্বপূর্ণ ছিল না। চলতি টুর্নামেন্টের শুরুতেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে সাহাল আবদুল সামাদের গোলে জয় পেয়েছিল সবুজ-মেরুন শিবির। তবে ফাইনালে নিজেদের উজাড় করে দিয়ে পুরনো হিসেব চুকিয়ে ট্রফি ঘরে তুলতে মুখিয়ে রয়েছে লাল-হলুদ শিবির। অন্যদিকে, সেই জয় ধরে রেখে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ মেরিনার্সরা।
ম্যাচের সময় ও টিকিটের দর
রবিবার বিকেল ৪টে থেকে শুরু হবে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান এবং ঠিক বিকেল ৫টায় গড়াবে বল। টিকিটের চাহিদা তুঙ্গে থাকলেও সমর্থকরা অনলাইনের পাশাপাশি নির্ধারিত প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আলাদা ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২৫০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকার মধ্যে।
কোথায় দেখবেন লাইভ?
স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ না থাকলেও ফুটবলপ্রেমীরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই মহারণ। SonyLIV অ্যাপ এবং ওয়েবসাইটে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। পাশাপাশি টেলিভিশনে Sony Sports 5 ও Sony Aath-এ বাংলা ধারাভাষ্যের সঙ্গে এই রোমাঞ্চকর ডার্বি উপভোগ করা যাবে।