‘রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব’,-যাদবপুর কান্ড নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম এবং এবিভিপি সংঘর্ষ, অরবিন্দ ভবনের বাইরে আগুন লাগার ঘটনা এবং ঐতিহ্যবাহী প্রতীক ভাঙচুরের জেরে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। এই পরিস্থিতিতে শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এক সরকারি অনুষ্ঠান থেকে সরাসরি মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চ থেকে যাদবপুরের প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। তিনি স্পষ্ট ভাষায় জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর যে কোনোমূল্যে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করা হবে। তাঁর অভিযোগ, ক্যাম্পাসে এক শ্রেণির রাষ্ট্রবিরোধী মানুষ সক্রিয় রয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না এবং জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা দেওয়া হয়। এমনকী, শিক্ষা দফতরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সিসিটিভি লাগাতেও বাধা সৃষ্টি করা হচ্ছে। তাঁর দাবি, সেখানে এমন একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা ২৬ জানুয়ারি বা ১৫ অগাস্টের মতো জাতীয় দিবসগুলি পালন করতে দেয় না।
বক্তব্যের ছলে বামশিবিরকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যারা বর্তমানে সরব হয়েছেন, তাঁরা কোনো রাজনৈতিক সুবিধা করতে পারবেন না। এই রাজ্যে বসবাস করতে হলে বন্দে মাতরম গাইতে হবে এবং দেশপ্রেম ও জাতীয়তাবাদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।