‘আজকাল তো এটাই বিক্রি হয়!’ আরডি বর্মনের শেষ সৃষ্টি নিয়ে কোন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রযোজক?

সারা জীবন খ্যাতির শিখরে থেকে একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছিলেন সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র রাহুল দেব বর্মন বা পঞ্চমদা। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে তাঁকে একপ্রকার একঘরে হয়ে দিন কাটাতে হয়েছিল—এমনই বিস্ফোরক ও বেদনাদায়ক তথ্য সামনে আনলেন ‘১৯৪২ আ লাভ স্টোরি’ ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়়া।
একসময়ে যিনি গোটা বলিউড কাঁপাচ্ছিলেন, সেই কিংবদন্তি সুরকারই জীবনের শেষ দিকে এসে নতুন কাজের জন্য যথেষ্ট ব্রাত্য হয়ে পড়েছিলেন। সেই কঠিন সময়েই তাঁর মুকুটে শেষ সংযোজন হিসেবে আসে ১৯৪২ আ লাভ স্টোরি ছবির কাজ। পরিচালক বিধু বিনোদ চোপড়া এক সাক্ষাৎকারে স্মরণ করেছেন সেই দিনগুলির কথা। তিনি জানিয়েছেন, ছবির জন্য অত্যন্ত শান্ত ও মানানসই মিউজিক চেয়েছিলেন তিনি। কিন্তু শুরুতে ‘কুছ না কহো’ গানটি একটি দ্রুত লয়ের গান হিসেবে গেয়েছিলেন পঞ্চমদা, যা পরিচালকের একেবারেই পছন্দ হয়নি। মুখের উপর সে কথা সোজাসুজি জানিয়েও দিয়েছিলেন তিনি।
সেই সময় মিউজিক কোম্পানিগুলির মনোভাব নিয়েও খোলামেলা কথা বলেছেন প্রযোজক। প্রাথমিক পর্যায়ে আরডি বর্মনের তৈরি সুর পরিচালকের পছন্দ না হওয়ায় এবং কোম্পানির আপত্তির কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ সঙ্গীত পরিচালকও। পঞ্চমদা আক্ষেপের সুরে বলেছিলেন, “আজকাল তো এটাই বিক্রি হয়, তুমি দেখ অনু মালিক এমন গান বানাচ্ছে।” সঙ্গীত জগতের এক নক্ষত্রের জীবনের এই অন্তিম অধ্যায়ের অজানা স্মৃতিচারণ রীতিমতো নাড়া দিয়েছে তাঁর অগণিত ভক্ত ও অনুরাগীদের।