অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় রাজ্যজুড়ে চরম বিক্ষোভ! রেল অবরোধ থেকে মন্ত্রীর বৈঠক ছাড়ার ছবি

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের (Annapurna Bhandar West Bengal) নির্দিষ্ট অঙ্কের টাকা বহু উপভোক্তার অ্যাকাউন্টে না পৌঁছনোয় রাজ্যজুড়ে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—নানা প্রান্তে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক চলাকালীন তা মাঝপথে ছেড়ে নিচে নেমে আসতে বাধ্য হন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বিরাটিতে রেল অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল।

বিভিন্ন জেলায় বিক্ষোভ ও রেল অবরোধ

শুক্রবার দুপুরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশনে রেললাইন অবরোধ করেন বিক্ষুব্ধ মহিলারা। এর ফলে হাসনাবাদ-শিয়ালদহ ডাউন লোকাল সহ বেশ কিছু ট্রেন আটকে পড়ে, যা চরম ভোগান্তির সৃষ্টি করে যাত্রীদের মধ্যে। একই কারণে হাবড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর কলকাতার ফুলবাগান এবং বেহালা চৌরাস্তাতেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপভোক্তাদের মূল প্রশ্ন একটাই—প্রতিশ্রুতি সত্ত্বেও কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা আসছে না?

মন্ত্রীর প্রতিক্রিয়া

পশ্চিম মেদিনীপুরে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু বৈঠকের মাঝেই গ্রাউন্ড ফ্লোরে বিক্ষুব্ধ মহিলারা জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করলে তিনি বাধ্য হয়ে বৈঠক স্থগিত রেখে নিচে নেমে আসেন। ক্ষুব্ধ মহিলাদের উদ্দেশ্যে মন্ত্রী জানান, বর্তমান সরকারের ১০০ দিন সবে মাত্র পূর্ণ হয়েছে। তিনি তাঁদের শান্ত হয়ে কথা বলার অনুরোধ জানান এবং বিডিও বা এসডিও অফিসে সমস্ত নথিপত্র ও কাগজ জমা দেওয়ার পরামর্শ দেন। ভেরিফিকেশনের কারণে যাঁদের নাম বাদ পড়েছে, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।

তবে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত না হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *