রাজ্যে ফের বৃষ্টির তাণ্ডব! বন্যা পরিস্থিতির মাঝেই আবহাওয়া নিয়ে বড় আপডেট আলিপুর অফিসের

টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমানে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। মেদিনীপুর এবং হুগলি সহ অধিকাংশ জেলার বিস্তীর্ণ এলাকার গ্রামের পর গ্রাম এবং ঘরবাড়ি এখন জলের তলায়। সাধারণ মানুষের এই দুর্গম অবস্থার মাঝেই আবহাওয়া নিয়ে বড় ও গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি
আজ ও আগামী কাল অর্থাৎ শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ভ্যাপসা গরমের হাত ধরেই বঙ্গে ফের নতুন করে বৃষ্টির আবির্ভাব হতে পারে। তবে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আজ ও আগামী কাল কলকাতা সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার হালহিক্কত
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির ভ্রূকুটি কাটছে না। আজও দার্জিলিং সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রয়েছে। যদিও রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রাবল্য কিছুটা কমতে পারে, তবে আগামী মঙ্গলবার থেকে আবারও সেখানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা অত্যন্ত সক্রিয় অবস্থায় বাংলায় অবস্থান করছে। এটি ফিরোজপুর থেকে মিরাট হয়ে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাঁকুড়া এবং দীঘায় এসে পৌঁছেছে। এরপর দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে এই অক্ষরেখাটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার জেরে রাজ্যে লাগাতার বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বজায় রয়েছে।