১ দিনেই ২০% লাফ চিনির স্টকে! বলরামপুর থেকে দুয়ারকেশ, হু হু করে বাড়ছে দাম, বিনিয়োগ কি এখন লাভজনক?

শেয়ার বাজারে হঠাৎ বড় চমক। একদিনের ব্যবধানে এক ধাক্কায় প্রায় ২০ শতাংশ পর্যন্ত লাফ দিল চিনির বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। উৎসবের মরশুমের ঠিক আগে বাজারের এই চাঙ্গা ভাব বিনিয়োগকারীদের নজর কেড়েছে। এই উত্থানে সবার আগে রয়েছে বলরামপুর চিনি মিলস। এই সংস্থার শেয়ারের দাম প্রায় ১৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৭৬৭ টাকা ৯৫ পয়সায়। পিছিয়ে ছিল না অন্য সংস্থাও। দুয়ারকেশ সুগার ইন্ডাস্ট্রিজের শেয়ার দর প্রায় ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৫৪ টাকা ৯৯ পয়সা।

এছাড়াও উত্তম সুগার মিলস, বাজাজ হিন্দুস্থান সুগার, ধামপুর সুগার মিলস, শ্রী রেণুকা সুগারস এবং ডালমিয়া ভারত সুগারের মতো স্টকগুলিতেও ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখা গিয়েছে।

হঠাৎ কেন এই লাফ? বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে চিনির চাহিদা বাড়তে শুরু করেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নতুন কিছু নীতিও এই বাজার দর বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে। বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র কিছু কড়া পদক্ষেপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ১০ মেট্রিক টন পর্যন্ত চিনি মজুতকারী ডিলারদের ক্ষেত্রে স্টক রাখার সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে এবং তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

চলতি মাসের শুরু থেকেই বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে পাইকারি ব্যবসায়ীদের ওপর বিধিনিষেধ আরোপের জল্পনা তৈরি হয়েছিল। এর পাশাপাশি শুল্কমুক্ত চিনি আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। বর্তমানে ভারত চিনি আমদানির ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। এই নীতিতে ভবিষ্যতে কোনো শিথিলতা এলে আমদানির পথ আরও সহজ হতে পারে। তবে হঠাৎ এই উত্থানের পর বাজারে ঝাঁপিয়ে পড়ার আগে কোম্পানির সার্বিক পরিস্থিতি ও বাজারের গতিপ্রকৃতি ভালো করে খতিয়ে দেখে তবেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *