সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পিছু হটল শাহবাজ সরকার, ইমরান খানের হাসপাতাল বদলের আর্জি প্রত্যাহার

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারের জন্য বড় ধরনের আইনি ধাক্কা। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদে শওকত খানুম মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিল সরকার। দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে একাধিক আপত্তি তোলার পরই সরকার এই পিটিশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আইনি ত্রুটি খতিয়ে দেখে সরকার ভবিষ্যতে ফের এই আবেদন করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, একাধিক মামলার জেরে ২০২৩ সাল থেকেই কারাবন্দী রয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।

এর আগে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, ৭৩ বছর বয়সি এই পিটিআই নেতাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে স্থানান্তরিত করতে হবে। ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন পর্যন্ত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন বলে জানায় আদালত। একই সঙ্গে তাঁর সুচিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে প্রতি সপ্তাহে তাঁর সাক্ষাতের অনুমতিও দেওয়া হয়।

তবে আদালতের এই রায়ের পরই তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল শাহবাজ সরকার। সরকারের তরফ থেকে এই নির্দেশকে ‘বৈষম্যমূলক’ বলে দাবি করা হয় এবং আশঙ্কা প্রকাশ করা হয় যে এই রায় ভবিষ্যতের অন্যান্য কয়েদিদের জন্যও একই সুবিধা আদায়ের নজির তৈরি করতে পারে। অন্যদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান আদালতের নির্দেশ অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে বলেছেন, রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে সরকারের উচিত অবিলম্বে এই নির্দেশ মেনে চলা। দেশের শীর্ষ আদালতের এই দীর্ঘ টালবাহানার জেরে বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *