যাদবপুরে ফের ধুন্ধুমার! ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘যাদবপুর চলো’ হুঙ্কারকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক পারদ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণ সভা বা জেনারেল বডি (GB) মিটিং ডাকা কেন্দ্র করে ফের চরম উত্তেজনা ছড়াল। বুধবার রাতে ক্যাম্পাসের ভেতরে বামপন্থী ছাত্র সংগঠন এবং এবিভিপি-র (ABVP) মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। এই সংঘর্ষের জেরে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
এবিভিপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো নির্বাচিত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কীভাবে এই জিবি মিটিং ডাকা হলো, তা নিয়ে তাদের স্পষ্ট আপত্তি ছিল। অন্যদিকে, বাম ছাত্র সংগঠনগুলির পালটা অভিযোগ, এবিভিপি ইচ্ছোকৃতভাবে হামলা চালিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করেছে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। সংঘর্ষের খবর পেয়ে রাতেই যাদবপুর থানায় পৌঁছান স্থানীয় বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের নিয়ে থানায় গিয়ে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। রাতেই থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় এবিভিপি সমর্থকরা।
এই ঘটনার জেরে আজ বৃহস্পতিবার পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবিভিপির পক্ষ থেকে ‘দিমাগি নকশালদের’ বিরুদ্ধে কড়া ভাষায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি দিয়ে আজ বেলা ১১ টায় ‘যাদবপুর চলো’ অভিযানের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, পালটা পথে নামার প্রস্তুতি নিচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনগুলিও। একই সময়ে দুই পক্ষের জোড়া কর্মসূচির জেরে বিশ্ববিদ্যালয় চত্বর ও তার আশেপাশের এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।