ভোররাতে দাউদাউ করে জ্বলল কলকাতা বিমানবন্দরের এটিসি ভবন! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহর?

কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত রক্ষা মিলল। মঙ্গলবার ভোররাতে হঠাৎ করেই দাউদাউ করে জ্বলতে শুরু করে কলকাতা বিমানবন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) ভবনটি। তবে দমকল কর্মীদের দ্রুত তৎপরতা ও যৌথ প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, ফলে বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
ভোররাতে কীভাবে ছড়াল আগুন?
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের অন্যতম সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অংশ হল এই এটিসি বিল্ডিং, যেখান থেকে আকাশসীমা ও বিমান চলাচল নিয়ন্ত্রিত হয়। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ওই এটিসি বিল্ডিংয়ের তিনতলায় আগুন লেগে যায়। কর্মরত কর্মীরা সেখান থেকে হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান এবং মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে তিনতলার একাংশ দাউদাউ করে জ্বলতে শুরু করে।
পুরো চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তৎক্ষণাৎ বিমানবন্দরে থাকা দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা দেখে পরে আরও দুটি ইঞ্জিন আনা হয়। শেষ পর্যন্ত দমকলের মোট তিনটি ইঞ্জিনের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
শর্ট সার্কিট থেকেই কি বিপত্তি?
নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক জানান, এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দমকল ও বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, গত ১৫ আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি বিল্ডিংয়ে বিশেষ টুনি লাইট দিয়ে আলোকসজ্জা করা হয়েছিল। সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আগুন লাগার আসল কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এবং তা খতিয়ে দেখা হচ্ছে।
বিমান চলাচলে কি কোনো প্রভাব পড়েছে?
এটিসি বিল্ডিংয়ের আটতলা থেকেই মূলত বিমানবন্দর ও আকাশসীমার যাবতীয় বিমান চলাচল নিয়ন্ত্রিত হয়। রানওয়েতে বিমানের ওঠানামা, পথ নির্দেশিকা নির্ধারণ এবং পাইলটদের প্রয়োজনীয় বার্তা পাঠানোর মতো অত্যন্ত সংবেদনশীল কাজ এই ভবন থেকেই পরিচালিত হয়। ফলে ভোরে এই আগুন লাগার খবরে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বর্তমানে বিমানবন্দরে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বিমান ওঠা-নামায় কোনো প্রভাব পড়েনি এবং সমস্ত বিমান নির্ধারিত সময়মতোই চলাচল করছে।