অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সরকারের স্পষ্ট বার্তায় কি কাটল জট?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটার পথে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মনে দীর্ঘ দিন ধরে চলা জল্পনার মাঝেই সরকারের পক্ষ থেকে লোকসভায় এ বিষয়ে স্পষ্ট জবাব দেওয়া হয়েছে। সরকার পরিষ্কার জানিয়েছে যে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন এখনও তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়নি। ফলে নতুন বেতন সংশোধনের শেষ তারিখ এবং ফিটমেন্ট ফ্যাক্টর সংক্রান্ত একাধিক বিষয় এই মুহূর্তে নির্ধারিত হয়নি।
লোকসভায় কী প্রশ্ন তুলেছিলেন সাংসদ?
লোকসভার সদস্য মান্নালাল রাওয়াত এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন:
সরকার অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কি না এবং এর চেয়ারপারসন ও সদস্যদের বিবরণ কী?
কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা কত এবং সুপারিশ কার্যকর করার প্রস্তাবিত তারিখ কবে?
রাজ্যভিত্তিক কত সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী এর সুফল পাবেন?
কমিশনের কার্যপরিধি (Terms of Reference)-তে বেতন পুনর্নির্ধারণ, মহার্ঘ ভাতা (DA), ভাতা, পেনশন এবং পরিষেবার শর্তাবলি কীভাবে যুক্ত আছে?
সরকারের তরফ থেকে কী জানানো হলো?
সাংসদের এই প্রশ্নের লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে, সরকার প্রস্তাবের মাধ্যমে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করেছে। এই কমিশনের চেয়ারপারসন হলেন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই, খণ্ডকালীন সদস্য অধ্যাপক পুলক ঘোষ এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পঙ্কজ জৈন।
পাশাপাশি জানানো হয়েছে, কমিশন গঠনের তারিখ থেকে নির্দিষ্ট ১৮ মাসের মধ্যে তাদের সুপারিশ পেশ করার কথা রয়েছে। তবে এখনও পর্যন্ত কমিশন সরকারের কাছে কোনো চূড়ান্ত সুপারিশ জমা দেয়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১ মার্চ ২০২৬ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রায় ৩৫.৭৭ লক্ষ অসামরিক কর্মচারী এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিরক্ষা পেনশনভোগী বাদে প্রায় ৩৩.৭৬ লক্ষ পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী এর আওতায় রয়েছেন।
ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জল্পনা ও সতর্কতা
নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কি তবে বিশ বাঁও জলে? সরকারের প্রতিক্রিয়া স্পষ্ট ইঙ্গিত দেয় যে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর এখনও চূড়ান্ত করা হয়নি। বর্তমানে বাজারে ২.৫৭, ২.৮৬ কিংবা ৩ বা তার বেশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে নানা হিসাব ও জল্পনা শোনা গেলেও, যতদিন না অষ্টম বেতন কমিশন তাদের সুপারিশ পেশ করছে এবং সরকার তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করছে, ততদিন এর কোনোটিকেই সরকারি বা চূড়ান্ত বলে গণ্য করা যাবে না। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন তথাকথিত দাবি ও গুঞ্জন নিয়ে কর্মচারী ও পেনশনভোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।