থাকছে না কোনো বিধি-নিষেধ, ২০২৩ সালের হজ এবার স্বাভাবিক নিয়মেই

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসের প্রকোপ বিশ্বব্যাপী প্রায় স্থবির হয়েই পড়েছে। তাই ২০২৩ সালের হজ মৌসুমে করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করবে সৌদি আরব।

এক টুইট বার্তায় সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায়, ২০২৩ এর হজে কোনো ধরনের বিধিনিষেধ (বয়সসীমা সহ) আরোপ করা হবে না। দেশটির হজ ও উমরাহ সংক্রান্ত মন্ত্রণালয়ের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনাভাইরাস সংক্রমণের আগে ২০১৯ সালে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেওয়া হয়।

২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত। ২০২৩ সালের হজ মৌসুম ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে সোমবার সকাল ১০ টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি করে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন।

চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে আগের কোটা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞাও উঠে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *