মাঝপথেই ‘কনে দেখা আলো’ থেকে বিদায়! কেন হঠাৎ মেগা সিরিয়াল ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী?

জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কনে দেখা আলো’ থেকে আচমকাই সরে দাঁড়ালেন অভিনেত্রী নন্দিনী দত্ত। এই ধারাবাহিকে ‘বনলতা’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। তবে হঠাৎ করেই মেগা ছাড়ার এই সিদ্ধান্তে টেলি-পাড়ায় ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ‘বনলতা’ চরিত্রটির বিশেষ কিছু মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করে এই খবর নিজেই নিশ্চিত করেছেন নন্দিনী। পোস্টের ক্যাপশনে সহকর্মী ও পুরো টিমকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, “খুব ভালো অভিজ্ঞতা, পুরো টিমের জন্য অনেক শুভেচ্ছা।”
টেলিপাড়ার অন্দরে গুঞ্জন উঠেছিল যে, গল্পের সাম্প্রতিক মোড়ে ‘বনলতা’ চরিত্রটিকে যেভাবে নেতিবাচক বা খলনায়িকারূপে দেখানো হচ্ছিল, তাতে অসন্তুষ্ট হয়েই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে এই জল্পনা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন খোদ নন্দিনী। অন্যদিকে, এই বিষয়ে প্রযোজনা সংস্থা ‘অর্গানিক স্টুডিও’-র পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এখন দেখার বিষয়, এই জনপ্রিয় চরিত্রে নতুন কাকে দেখা যায়।