‘আমি কোনও চুমুর দৃশ্যও করিনি!’ যশের সাফাই নাকি বিতর্ক আরও বাড়াল?

গীথু মোহনদাসের পরিচালনায় মুক্তি প্রতীক্ষিত প্যান ইন্ডিয়ান ছবি ‘টক্সিক’ ঘিরে উন্মাদনার শেষ নেই। তবে ছবির ট্রেলার এবং গানে যশ ও কিয়ারা আডবানির অন্তরঙ্গ দৃশ্য সামনে আসার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। দর্শকদের মধ্যে নানা কৌতূহল যেমন তৈরি হয়েছে, তেমনই নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখেও পড়েছেন তারকারা। এবার এই সমস্ত বিতর্ক ও সমালোচনা নিয়ে অবশেষে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার যশ নিজেই।

অশ্লীলতার বিরুদ্ধে আমি, সাফাই যশের

চলতি বিতর্ক প্রসঙ্গে যশ স্পষ্ট জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে অশ্লীলতার বিরোধী। অভিনেতার দাবি, তিনি তো পর্দায় কোনও চুমুর দৃশ্যও করেননি, যা দর্শকরা নিশ্চয়ই খেয়াল করেছেন। যশের মতে, একটি সিনেমা তৈরি হয় নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। ‘টক্সিক’ ছবিটি এমন একটি গল্পের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে আবেগ এবং সম্পর্কের সমীকরণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই এই ছবি তৈরি করা হয়েছে বলে জানান অভিনেতা।

উল্লেখ্য, এই ছবিতে যশের সঙ্গে শুধুমাত্র কিয়ারা আডবানিই নন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী তারা সুতারিয়াকেও। তবে কিয়ারার সঙ্গে যশের ঘনিষ্ঠ মুহূর্তগুলি নিয়েই নেটপাড়ায় চর্চা সবথেকে বেশি হচ্ছে।

ঋষিকা সিংয়ের তীব্র আক্রমণ

ছবির ট্রেলার মুক্তির পর শুরু হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কন্নড় অভিনেত্রী ঋষিকা সিং। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি যশকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ছবির একটি বিশেষ দৃশ্যে যশের উপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ঋষিকা ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তোলেন, অভিনেতার বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও কেন তাঁকে পর্দায় নায়িকাদের সঙ্গে এই ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হবে? শুধু তাই নয়, কিয়ারা আডবানির মতো প্রথম সারির বলিউড অভিনেত্রী থাকা সত্ত্বেও তাঁদের পর্দায় যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন ওই অভিনেত্রী। সবমিলিয়ে মুক্তির আগেই ‘টক্সিক’-এর জল যে বহুদূর গড়াবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *