‘দৃশ্যম’-এর কায়দায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘরে জ্যান্ত কবর! মহারাষ্ট্রে চাঞ্চল্য

বলিউডের জনপ্রিয় থ্রিলার ছবি ‘দৃশ্যম’-এর গল্পকেও হার মানাল বাস্তবের ঘটনা। স্বামীকে খুন করার উদ্দেশ্যে প্রথমে তাঁকে কড়া ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর বেধড়ক মারধর এবং ঘরের ভেতর ইট-সিমেন্টের গর্তে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বারামতীতে। এই ঘটনায় অভিযুক্ত ৩৮ বছর বয়সি শর্মিলা প্রবীণ জগতাপকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুলাই অভিযুক্ত শর্মিলা তাঁর স্বামী প্রবীণ জগতাপের শরবতে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দেন। টানা দু’দিন অচেতন থাকার পর গত ১ আগস্ট প্রবীণের সামান্য জ্ঞান ফিরলে তাঁর ওপর ব্যাট নিয়ে চড়াও হন স্ত্রী। অভিযোগ, আগে থেকেই ঘরে রাজমিস্ত্রি দিয়ে ইট-সিমেন্টের একটি গর্ত খুঁড়ে রেখেছিলেন শর্মিলা। স্বামীকে সেই গর্তের ভেতর শুইয়ে দিয়ে ওপর থেকে ভারী পাথরের স্ল্যাব চাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে রাজমিস্ত্রিদের মনে সন্দেহ তৈরি হওয়ায় তাঁরা দ্রুত পুলিশে খবর দেন। এর পরই পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় প্রবীণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের বিছানা থেকে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন আক্রান্ত প্রবীণ। তাঁর দাবি, ঘটনার দিন তাঁর মাকেও একইভাবে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল। তবে মারধরের আওয়াজে মায়ের জ্ঞান ফিরলে তিনি তাঁর অন্য ছেলেকে খবর দেন। এরপর প্রবীণের ভাই এসে তাঁকে ওই গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনার পেছনে কোনো কালো জাদুর যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবীণ। পাশাপাশি, প্রেসক্রিপশন ছাড়া এত কড়া ঘুমের ওষুধ কীভাবে বিক্রি হলো, তা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট ফার্মেসির লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন তিনি। বর্তমানে প্রবীণের দুই সন্তান তাঁর শ্বশুরবাড়ির হেফাজতে রয়েছে। নিজের ও সন্তানদের প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনকে দ্রুত তাদের উদ্ধারের আর্জি জানিয়েছেন আতঙ্কিত স্বামী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *