৩৩ নম্বর ঘরের শৌচাগার থেকে ৩০ বছরের নার্সের দেহ উদ্ধার, এনআরএস কাণ্ডে দানা বাঁধছে বিরাট রহস্য

কলকাতার নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নাইট ডিউটির সময় এক তরুণী নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের একটি শৌচাগারের ভেতর থেকে ওই নার্সের অচেতন দেহ উদ্ধার করা হয়। খবর পাওয়ার পরেই হাসপাতালে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ও স্থানীয় থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নার্সের বয়স ৩০ বছর এবং তিনি কলকাতার দমদমের বাসিন্দা ছিলেন। বুধবার রাতে এনআরএস হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)-এর ৩৩ নম্বর ঘরের সঙ্গে সংলগ্ন শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এন্টালি থানা সূত্রে খবর, এনআরএস পুলিশ আউটপোস্ট থেকে প্রথম এই মর্মান্তিক ঘটনার খবর জানানো হয়।

খবর পাওয়ামাত্রই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিডি) এবং হোমিসাইড টিমের আধিকারিকরা তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওই নার্সকে একটি বিছানায় অচেতন অবস্থায় শুইয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

ঠিক কী কারণে এই মর্মান্তিক মৃত্যু হলো, তা নিয়ে হাসপাতালের অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন। নাইট ডিউটির সময় কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এই আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *