নসীরুদ্দিন শাহের দেশপ্রেম নিয়ে প্রশ্ন! ‘ধূর্ত শেয়াল’ বলে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত

বলিউডের প্রবীণ ও প্রতিভাবান অভিনেতা নসীরুদ্দিন শাহকে (Naseeruddin Shah) নিয়ে রাজনৈতিক ও বিনোদন জগতে ফের বড়সড় বিতর্ক দানা বাঁধল। সম্প্রতি বিজেপির তারকা সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের তীব্র আক্রমণের মুখে পড়েছেন ৭৬ বছর বয়সি এই প্রবীণ অভিনেতা। শুধু কঙ্গনা নন, অভিনেতা পীযূষ মিশ্রও নসীরুদ্দিন শাহকে নিশানা করেছেন। ঝাড়খণ্ডের প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র আন্দোলন নিয়ে তাঁর আগের মন্তব্যকে হাতিয়ার করেই এবার দুই তারকার নিশানায় পড়েছেন নসীরুদ্দিন।
ঠিক কী ছিল নসীরুদ্দিন শাহের মন্তব্য?
কিছুদিন আগে দেশজুড়ে NEET প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী দিল্লি। সেই সময় বলিউডের প্রথম সারির তাবড় তারকারা এই বিষয়ে সম্পূর্ণ নীরব থাকায় তাঁদের তীব্র সমালোচনা করেছিলেন নসীরুদ্দিন শাহ। প্রবীণ অভিনেতা কটাক্ষ করে বলেছিলেন, “বিবেকের সাড়া পেলে হয়ত মুখ খুলবেন ওঁরা। কথায় আছে: মুখে হাড় থাকা কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। মুখ থেকে হাড় পড়ে গেলে অথবা দাঁত ভেঙে গেলে হয়ত ডাক বেরোবে।”
ছাত্র আন্দোলনের পক্ষে ও বলিউডের নীরবতার বিরুদ্ধে নসীরুদ্দিনের ওই মন্তব্য ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল। তবে সম্প্রতি ঝাড়খণ্ডে প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নসীরুদ্দিন নিজে কেন নীরব রয়েছেন, সেই প্রশ্ন তুলেই তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিনেতা পীযূষ মিশ্র। নসীরুদ্দিনের সেই পুরনো ‘কুকুর ও হাড়’ সংক্রান্ত মন্তব্যকে টেনে এনে পীযূষ মিশ্র বলেন, “ক্ষমা করবেন নসীর সাহেব, সম্মান জানিয়েই বলছি, জানতে ইচ্ছে করছে— এখন কারা কুকুর? কাদের মুখে হাড় রয়েছে?”
কঙ্গনা রানাউতের বেনজির আক্রমণ
পীযূষ মিশ্রের এই মন্তব্যকে সামনে রেখেই সোজা আসরে নেমে পড়েন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় পীযূষের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে তিনি নসীরুদ্দিনকে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করেন। কঙ্গনা লেখেন, “আসল কথা হলো, সকলেই কারও না কারও পোষা কুকুর। তবে আমি গর্ব অনুভব করি যে আমি যার (দেশের) রুটি খাই, তাকে রক্ষা করি, তার জন্য লড়াই করি। কিন্তু নসীর সাহেব এ দেশের খেয়ে লড়াই করেন প্রতিবেশী দেশের হয়ে।”
এখানেই না থেমে কঙ্গনা আরও লেখেন, “আজকের দিনে মানুষকে কুকুর বললে, তা বরং প্রশংসাসূচকই হয়, কারণ তাদের মধ্যে আনুগত্য এবং মিষ্টি স্বভাব দেখা যায়। কিন্তু নসীরুদ্দিনের মতো ধূর্ত শেয়াল (Cunning Fox) হওয়ার চেয়ে কুকুর হওয়া অনেক ভালো।” কঙ্গনার এই মন্তব্যে নসীরুদ্দিনকে প্রকারান্তরে ‘পাকিস্তানপন্থী’ বা পড়শি দেশের সমর্থক বলে নিশানা করা হয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
সমালোচনার ঝড় নেটদুনিয়ায়
গোড়া থেকেই বিভিন্ন ছাত্র আন্দোলন ও প্রতিবাদের বিরুদ্ধে সরব থেকেছেন কঙ্গনা রানাউত। অতীতে কৃষক আন্দোলন বা ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী ও তাঁদের অভিভাবকদেরও কুরুচিকর ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। এবার দেশের অন্যতম সেরা অভিনেতা, জাতীয় পুরস্কার প্রাপ্ত ৭৬ বছর বয়সি প্রবীণ অভিনেতা নসীরুদ্দিন শাহকে যেভাবে তিনি ‘ধূর্ত শেয়াল’ বলে কটাক্ষ করলেন, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
যদিও কঙ্গনা বা পীযূষ মিশ্রের এই আক্রমণ বা মন্তব্যের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি নসীরুদ্দিন শাহ। তবে প্রবীণ এই অভিনেতাকে ঘিরে বলিপাড়ার দুই তারকার এই প্রকাশ্য কোন্দল যে আগামী দিনে আরও বড় আকার নিতে পারে, তা বলাই বাহুল্য।