মর্মান্তিক! দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হতাহত ৫৮ জন

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির টানেলে দুই মেট্রো ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ অন্তত ৫৭ জন আহত হয়েছে।
শনিবার (০৭ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি স্থানে সংঘটিত এ ঘটনায় একজন নিহত হয়েছে।

দুর্ঘটনার পর মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শেইনবাম সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। অনেকেই সামান্য পরিমাণ আহত হয়েছে। তাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তবে দুর্ভাগ্যবশত একজন প্রাণ হারিয়েছে।

জানা যায়, দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত যাত্রীদের অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেয়ার ছবি বিভিন্ন টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে।

উল্লেখ্য, মেক্সিকোতে মেট্রো সার্ভিস চালু হয় ১৯৬৯ সালে। মোট ১২টি লাইনে ২২৬ কিলোমিটারে মেট্রো ট্রেন চলছে। স্টেশনের সংখ্যা মোট ১৯৫টি।

এর আগে দেশটিতে ২০২১ সালের মে মাসে সবশেষ মেট্রোতে দুর্ঘটনা ঘটে। সে সময় মেট্রো ব্রিজ ধসে ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *