হেট স্পিচ মামলায় পুলিশি তলবকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

ঘৃণা ভাষণ বা ‘হেট স্পিচ’ (Hate Speech) সংক্রান্ত একটি মামলায় পুলিশি তলবকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের করা আবেদন শুনতে শুক্রবার সরাসরি অস্বীকার করল সুপ্রিম কোর্ট। শুধু আবেদন খারিজ করাই নয়, শুনানিম চলাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হতে পারে—মহুয়ার এমন আশঙ্কার কথা শুনে চরম ভর্ৎসনা করে শীর্ষ আদালত। বিচারপতির কড়া মন্তব্য, দেশের স্বাধীনতা সংগ্রামীরা তো গুলি খেয়েছিলেন, আর একজন সাংসদ হয়ে ডিমকে এত ভয় পাওয়ার কী আছে!

ঠিক কী ঘটেছিল আদালতে?

হেট স্পিচ মামলায় পুলিশের তলব এড়াতে এবং আইনি সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মামলার শুনানিতে তাঁর আইনজীবী আদালতে আশঙ্কা প্রকাশ করেন যে, হাজিরা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হতে পারে বা হেনস্থার শিকার হতে পারেন তিনি। এই যুক্তি শোনার পরেই ক্ষুব্ধ হন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত।

আদালত স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলে, ডিম ছোড়া হতে পারে এই আশঙ্কায় কি আদালতের শরণাপন্ন হতে হয়? স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য বুকে গুলি পেতে নিয়েছিলেন, আর সামান্য ডিম ছোড়ার ভয়ে একজন জনপ্রতিনিধি যদি এই অজুহাত দেন, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পরেই মহুয়া মৈত্রের সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ ও প্রতিবাদের জেরে সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার দিকে ডিম ছোড়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। তবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে এমন আশঙ্কার কথা আদালতকে জানানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *