পরপর ৭টি বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই! জেবেল আলি শিল্পাঞ্চলে চরম আতঙ্ক, উঠছে কালো ধোঁয়া

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহের মধ্যেই হঠাৎ করে পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই। সংযুক্ত আরব আমিরশাহির বিখ্যাত ‘জেবেল আলি শিল্পাঞ্চল’ (Jebel Ali Industrial Area)-এ পরপর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, মাত্র কুড়ি মিনিটের ব্যবধানে সেখানে মোট সাতটি বিস্ফোরণ ঘটেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের জেরে বিস্তীর্ণ এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ‘মেহর’ (Mehr) সূত্রেও ২০ মিনিটে সাতটি বিস্ফোরণের এই খবর সামনে এসেছে। এমনকি এই ঘটনার ভিডিও রেকর্ড করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে।
হামলার নেপথ্যে কোন রহস্য?
ইরাকি সংবাদ সংস্থার দাবি: ইরাকের সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহিকে লক্ষ্য করেই এই মিসাইল হামলা চালানো হয়েছে। এই হামলার পেছনে ইয়েমেনের যোগ রয়েছে বলেও দাবি করা হচ্ছে।
নাসা-র উপগ্রহ চিত্র: আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র থার্মাল ইমেজারি (Thermal Imagery) অনুযায়ী, বন্দর সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে ওই বন্দরেই জ্বালানি মজুত রাখা হতো এবং সেখান থেকেই বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হতো।
স্থানীয়দের অভিজ্ঞতা: আল ফুরজানের স্থানীয় বাসিন্দারাও হামলার সত্যতা স্বীকার করেছেন। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, তীব্র আওয়াজে চারপাশ কেঁপে উঠেছিল। দুবাই সিটি সেন্টারের ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই জেবেল আলি শিল্পাঞ্চল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এর পাশেই রয়েছে কৃত্রিমভাবে তৈরি বিখ্যাত ‘পাম জেবেল আলি’ দ্বীপপুঞ্জ, যা একটি মুক্ত বাণিজ্য অঞ্চল এবং আন্তর্জাতিক নৌ চলাচলের অন্যতম প্রধান পথ।
বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা
এখনও পর্যন্ত নির্দিষ্ট করে হামলাকারীদের পরিচয় জানা যায়নি এবং হতাহতের কোনো বড় খবরও সামনে আসেনি। তবে ঘটনার পর থেকেই গোটা দুবাইজুড়ে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গিয়েছে। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের চলমান দ্বন্দ্বের জেরে সংযুক্ত আরব আমিরশাহিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি ছিল। মার্কিন ঘাঁতিগুলিকে লক্ষ্য করে এর আগেও ইয়েমেন বা অন্য বিভিন্ন প্রান্ত থেকে হামলার আশঙ্কা করা হচ্ছিল, যার ফলে বর্তমান পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।