“ওল্ড মঙ্ক রাম থেকে ব্যাগপাইপার হুইস্কি!”-কোন কোন জনপ্রিয় মদের বিক্রি নিষিদ্ধ করল FSSAI?

দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) একাধিক জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ করেছে। ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, বেশ কিছু সংস্থা তাদের অ্যালকোহলিক পানীয় তৈরিতে কৃত্রিম বা ‘নেচার আইডেন্টিক্যাল’ (Nature Identical) ফ্লেভার ব্যবহার করছে। এই নিয়মের তোয়াক্কা না করায় Diageo India-এর United Spirits, Inbrew Beverages এবং Mohan Rocky Springwater-এর তৈরি একাধিক জনপ্রিয় অ্যালকোহলিক পানীয়ের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে FSSAI। যার মধ্যে রয়েছে বাঙালির দীর্ঘদিনের আবেগ ‘ওল্ড মঙ্ক’-এর মতো নামও।

কোন কোন ব্র্যান্ডের বিক্রিতে নিষেধাজ্ঞা?

FSSAI-এর কঠোর নির্দেশ অনুযায়ী যে সমস্ত জনপ্রিয় ব্র্যান্ড ও পণ্যের বিক্রি আপাতত নিষিদ্ধ করা হয়েছে, সেগুলি হলো:

  • Inbrew Beverages-এর ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি (Bagpiper Deluxe Whisky)

  • Inbrew Beverages-এর ওল্ড ক্যাস্ক ডিলাক্স ট্রিপল এক্স রাম (Old Cask Deluxe XXX Rum – মধ্যপ্রদেশে উৎপাদিত)

  • Mohan Rocky Springwater-এর তৈরি ওল্ড মঙ্ক দ্য লেজেন্ড (Old Monk The Legend)

  • ওল্ড মঙ্ক গোল্ড রিজার্ভ (Old Monk Gold Reserve)

  • ওল্ড মঙ্ক ট্রিপল এক্স ম্যাচিউর্ড রাম (Old Monk XXX Matured Rum – মহারাষ্ট্রে উৎপাদিত)

  • পাশাপাশি, Diageo India-এর United Spirits-এর নির্দিষ্ট কিছু পণ্যের বিরুদ্ধেও একই কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা?

FSSAI সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় দেখা গেছে কিছু নির্মাতা সংস্থা রামে কৃত্রিম উপায়ে রামের ফ্লেভার এবং হুইস্কিতে হুইস্কির ফ্লেভার মিশিয়ে তার স্বাদ ও গন্ধ তৈরি করছে। সংশ্লিষ্ট পণ্যগুলিতে ‘আর্টিফিশিয়াল’ বা ‘নেচার আইডেন্টিক্যাল ফ্লেভার’ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সেগুলিকে ‘সাবস্ট্যান্ডার্ড’ (নিম্নমানের) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

FSSAI একটি স্পষ্ট বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো উৎপাদন পদ্ধতি বা প্রথা নেই, যেখানে মদের মধ্যে আলাদা করে রাম বা হুইস্কির কৃত্রিম ফ্লেভার বাইরে থেকে যোগ করা হয়। মদের আসল গুণমান বজায় রাখতে যেখানে আখের গুড়, মল্ট বা আঙুরের মতো স্বাভাবিক কাঁচামাল ব্যবহারের নিয়ম রয়েছে, সেখানে কৃত্রিম উপায়ে একই স্বাদ ও গন্ধ তৈরি করার এই প্রবণতাকে একেবারেই মেনে নিচ্ছে না খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা।

FSSAI-এর সাম্প্রতিক কড়া পদক্ষেপ

খাদ্য ও পানীয় শিল্পে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে নজরদারি বহুলাংশে বাড়িয়ে দিয়েছে FSSAI। সম্প্রতি ডাবর (Dabur)-এর একাধিক পণ্যে ‘100%’ খাঁটি দাবির বিষয়টি বিভ্রান্তিকর বলে উল্লেখ করে কড়া পদক্ষেপ করেছিল এই সংস্থা। যার মধ্যে ছিল মধু, অ্যাপেল সাইডার ভিনেগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, গাওয়া ঘি, ডাবের জল ও নারকেলের দুধের মতো প্রাত্যহিক পণ্য।

পাশাপাশি, পেপসি এবং রেড বুল-এর মতো জনপ্রিয় সংস্থাকেও উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত পানীয়গুলিতে ‘এনার্জি ড্রিংক’ শব্দটি ব্যবহার করা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ামক সংস্থার মতে, উপভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ধরনের কৃত্রিম উপাদান ও বিভ্রান্তিকর দাবির বিরুদ্ধে আগামী দিনেও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *