মোদীজির রিল রিমুভ কেন? খোদ মেটার আন্তর্জাতিক টিমকে তলব করল তথ্য ও প্রযুক্তি মন্ত্রক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রিল ডিলিট বা রিমুভ হয়ে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্র। এই বিষয়ে জাবাবদিহি চাইতে এবং কন্টেন্ট নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে ভারতে এসে পৌঁছেছে মেটা (Meta)-র গ্লোবাল টিম। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার (৪ ও ৫ আগস্ট) এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঠিক কী ঘটেছিল?
গত ২৩ জুলাই রাতে ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলে একটি রিল পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল, যন্তর মন্তরে আন্দোলনরত Gen Z বা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু আচমকাই ফেসবুক থেকে সেই রিলটি মুছে দেওয়া হয় এবং মেটার তরফে জানানো হয় যে আইনি জটিলতার কারণে এটি করা হয়েছে।
যদিও পরবর্তীতে ভুল বুঝতে পেরে রিলটি রি-স্টোর বা ফিরিয়ে দেয় মেটা। প্রযুক্তিগত ত্রুটির (Technical Glitch) কারণেই এই ঘটনা ঘটেছে বলে সাফাই দিয়ে দুঃখপ্রকাশও করে তারা। কিন্তু এই ঘটনায় সন্তুষ্ট না হয়ে কেন্দ্রীয় সরকার মেটার গ্লোবাল পাবলিক পলিসি হেডকে তলব করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট দেখভালের জন্য মেটার তরফে দুজন শীর্ষ আধিকারিককে দায়িত্ব দেওয়ার কথাও জানানো হয়।
বুধবার ও বৃহস্পতিবারের বৈঠকে কী নিয়ে আলোচনা?
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সচিব এস কৃষ্ণণ সাংবাদিকদের জানিয়েছেন, এই বৈঠকে মূলত দুটি বিষয়ে কড়া নজর রাখা হবে:
-
প্রধানমন্ত্রীর রিল রিমুভ বিতর্ক: ভেরিফায়েড বা ভিভিআইপি অ্যাকাউন্ট (যেমন প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট) থেকে হঠাৎ কীভাবে কন্টেন্ট রিমুভ হয়ে গেল এবং এর নেপথ্যে প্রকৃত কারণ কী ছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইবে কেন্দ্র। সচিবের মতে, এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি শক্তিশালী সেফগার্ড বা সুরক্ষা কবচ থাকা অত্যন্ত জরুরি।
-
সেফটি ও সিকিউরিটি পলিসি: শিশুদের যৌনতা সম্পর্কিত বিষয়বস্তু (Child Sexual Exploitative and Abuse Material) রোধ করতে এবং সামগ্রিক সোশাল মিডিয়া কন্টেন্ট সুরক্ষায় মেটা কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।