ভবানীপুর মামলায় ফের বড় ধাক্কা! হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি, নতুন নোটিস পাঠানোর নির্দেশ

ফের একবার পিছিয়ে গেল বহুল চর্চিত ভবানীপুর বিধানসভা নির্বাচন মামলা। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ছ’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সংশ্লিষ্ট সকলকে নতুন করে নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে ওই কেন্দ্র থেকে জয়ী হয়েই বর্তমানে মুখ্যমন্ত্রী পদ সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর তাঁর সেই নির্বাচনী ফলাফলকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করা হয়। আজ, মঙ্গলবার এই মামলায় আদালতে সওয়াল-জবাব করেন মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী অভিযোগ তোলা হয়েছে মামলায়?
২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রটিতে ১৫,১০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে শুভেন্দু অধিকারী বিধায়ক নির্বাচিত হন। নির্বাচনের সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই আইনি লড়াইয়ের পথ বেছে নেন মমতা। মামলার মূল অভিযোগে দাবি করা হয়েছে যে, ভোটের দিন গণনার সময় প্রাথমিক পর্যায়ে— বিশেষ করে ‘১২ রাউন্ড গণনার পর মমতাই এগিয়ে ছিলেন’। কিন্তু হঠাৎ করেই নাকি সমস্ত সমীকরণ বদলে যায় এবং ফল অন্য দিকে চলে যায়। সেই কারচুপির অভিযোগ তুলেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী দিনে এই আইনি লড়াই কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।