শনিবার থেকেই শুরু জাতিভিত্তিক জনগণনা! ওয়েবসাইটে দিতে হবে ৩৩টি প্রশ্নের উত্তর, জানুন সমস্ত নিয়ম

শনিবার থেকে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে বহুল প্রতীক্ষিত জাতিভিত্তিক জনগণনা (Caste Census)। সম্পূর্ণ ডিজিটাল-ফার্স্ট (Digital-First) পদ্ধতি গ্রহণ করে এবার জনগণনার কাজ পরিচালনা করছে প্রশাসন। প্রথম ১৫ দিন অফিশিয়াল ওয়েবসাইটে চলবে ‘সেল্ফ এনুমারেশন’ (Self Enumeration) বা নিজে তথ্য নথিভুক্তকরণের প্রক্রিয়া এবং আগামী ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশন পর্ব।
সেল্ফ এনুমারেশন করবেন কীভাবে?
নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে ঘরে বসেই জনগণনার প্রাথমিক তথ্য জমা দেওয়ার জন্য https://se.census.gov.in সাইটে প্রবেশ করতে হবে। সেল্ফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে শনিবার নিজেই পোর্টালে নিজের তথ্য আপলোড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া জেলা স্তরেও এই প্রক্রিয়া শুরু হয়েছে; শিলিগুড়িতে পোর্টালে নিজের তথ্য আপলোড করেন মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তর ২৪ পরগনায় ফর্ম পূরণ করেন মন্ত্রী অর্জুন সিং ও বিধায়ক পবন সিং, এবং ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকেও শুরু হয় গাইঘাটা ব্লকের জনগণনার কাজ।
দিতে হবে মোট ৩৩টি প্রশ্নের উত্তর
ডিজিটাল এই জনগণনায় প্রতিটি পরিবারের জন্য মোট ৩৩টি সম্ভাব্য প্রশ্ন রাখা হয়েছে। সরকারি প্রতিনিধি বা পোর্টালে যে তথ্যগুলি দিতে হতে পারে, একনজরে দেখে নিন তার একটি তালিকা:
বাসগৃহের বিবরণ: বাড়ির নম্বর (মিউনিসিপ্যাল বা লোকাল অথরিটি/সেনসাস নম্বর) এবং সেনসাস হাউস নম্বর।
গঠন ও কাঠামো: বাড়িটির মেঝের প্রধান উপাদান, দেওয়াল কী দিয়ে তৈরি এবং ছাদ কেমন বা কী উপাদানে নির্মিত।
ব্যবহার ও অবস্থা: বাড়িটির ব্যবহার সংক্রান্ত তথ্য ও বাড়ির বর্তমান অবস্থা।
পারিবারিক তথ্য: পরিবারে মোট কতজন সদস্য থাকেন, পরিবারের কর্তা পুরুষ না মহিলা, এবং পরিবারের সদস্যরা তফসিলি জাতি (SC), উপজাতি (ST) নাকি অন্য কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
মালিকানা ও ঘর: বাড়ির মালিকানা কার নামে, বাড়িতে মোট কটি ঘর রয়েছে, এবং সদস্যদের মধ্যে কারা বিবাহিত বা অবিবাহিত।
পরিষেবা ও সুযোগ-সুবিধা: পানীয় জলের প্রধান উৎস ও সংশ্লিষ্ট তথ্য, বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কি না, শৌচাগারের উপস্থিতি ও তার ধরণ, বর্জ্য জল নির্গমনের পথ, স্নানের সুবিধা।
রান্নাঘর ও জ্বালানি: রান্নাঘর সংক্রান্ত তথ্য এবং রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি (এলপিজি বা পিএনজি সংযোগ ইত্যাদি)।
সম্পত্তি ও প্রযুক্তি: বাড়িতে রেডিও/ট্রানজিস্টর, টিভি, ইন্টারনেট, ল্যাপটপ বা কম্পিউটার, টেলিফোন/মোবাইল ফোন/স্মার্টফোন রয়েছে কি না।
যানবাহন: বাড়িতে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড বা চার চাকার গাড়ি আছে কি না।
খাদ্যাভ্যাস ও যোগাযোগ: পরিবারে প্রধানত কী ধরনের শস্য খাওয়া হয় এবং জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য বৈধ মোবাইল নম্বর।
পরবর্তী ধাপ: বাড়ি বাড়ি ভেরিফিকেশন
অনলাইনে সেল্ফ এনুমারেশন বা নিজে তথ্য জমা দেওয়ার পর্ব শেষ হওয়ার পরই শুরু হবে আসল যাচাইাই পর্ব। আগামী ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারিভাবে নিযুক্ত এনুমারেটররা সশরীরে বাড়ি বাড়ি গিয়ে পোর্টালে দেওয়া সমস্ত তথ্য খুঁটিয়ে যাচাই বা ভেরিফিকেশন করবেন।