মাদক সম্রাটের ছেলে গ্রেফতারের জেরে সংঘর্ষ, নিহত ৩ জন

মেক্সিকোর কুখ্যাত কারাবন্দি মাদক সম্রাট ‘এল চ্যাপো’র ছেলে ওভিদিও গুজম্যান লোপেজকে গ্রেপ্তারের পর সিনালোয়া রাজ্যে ব্যাপক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
ছয় মাস ধরে নজরদারি অভিযান চালানোর পর বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় রাজ্যটির প্রধান শহর কুলিয়াকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়, এর পরপরই সেখানে সংঘর্ষ শুরু হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মাদক কারবারে লিপ্ত অপরাধী দলের ক্ষিপ্ত সদস্যরা রাস্তা অবরোধ করে গাড়িতে আগুন দেয় এবং স্থানীয় বিমানবন্দরে হামলা চালায়। বিমানবন্দরে হামলার সময় দু’টি উড়োজাহাজে গুলি লাগে, এর মধ্যে একটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনার পর সিনালোয়ার তিনটি বিমানবন্দরের শতাধিক ফ্লাইট বাতিল হয়।

সিনালোয়ার গভর্নর জানিয়েছেন, সংঘাতে আহত আরো ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩২ বছর বয়সী গুজম্যান লোপেজ ‘দ্য মাউস’ নামে পরিচিত। তিনি নিজেকে তার বাবা এল চ্যাপো গুজম্যানের সাবেক অপরাধী চক্র ‘সিনালোয়া কার্টেলে’র নেতা বলে দাবি করতেন।

সম্প্রতি, মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরে একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হন। হামলার সময় কারাগার থেকে পালিয়ে যান ২৪ জন বন্দী। ওই কারাগারে বন্দীদের মধ্যে মাদক চক্রের সদস্যরাও রয়েছে। এ ঘটনার জেরে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

এদিকে আগামী সপ্তাহে মেক্সিকোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের কথা রয়েছে, তার আগে শীর্ষ এ মাদক কারবারী গ্রেপ্তার হল। কেউ তথ্য দিয়ে গুজম্যান লোপেজকে গ্রেপ্তারে সহায়তা করলে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী সিনালোয়া কার্টেলের জ্যেষ্ঠ সদস্য গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করেছে এবং সে এখন রাজধানী মেক্সিকো সিটিতে আছে।

মেক্সিকোর নিরাপত্তা বাহিনীগুলো এর আগে ২০১৯ সালে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করার পর তার সমর্থকদের সহিংসতার হুমকি এড়াতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল।

লোপেজের বাবা ‘এল চ্যাপো গুজম্যান’ মাদক ও অর্থ পাচারের দায়ে ২০১৯ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারদণ্ড ভোগ করছেন। বাবার মতো লোপেজকেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কিনা তা পরিষ্কার হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *