নিরামিষ বিতর্ক এড়াতে বিরাট পদক্ষেপ! ইসকনের মিড ডে মিলের পাশেই ডিম দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল সরবরাহের কাজ শুরু করতে চলেছে ইসকন (ISKCON)। তবে নিরামিষ খাবার নিয়ে তৈরি হওয়া বিভিন্ন জল্পনা ও বিতর্কের মাঝেই এদিন এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসকনের রান্নার পাশাপাশি পড়ুয়াদের প্রোটিনের ঘাটতি মেটাতে সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজি (SHG)-এর মাধ্যমে আলাদা করে ডিম দেওয়া হবে।

মিড ডে মিল নিয়ে কী কী ঘোষণা করা হলো?

এদিন মুখ্যমন্ত্রী জানান, মিড ডে মিলের ক্ষেত্রে এতদিন যে বৈষম্য ছিল তা দূর করা হয়েছে। এতদিন হাই স্কুল ও আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ১০ টাকা থাকলেও প্রাইমারিতে ছিল ৬ টাকা ৭৮ পয়সা। সেই বৈষম্য মিটিয়ে এবার প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রেও পড়ুয়া পিছু মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

আগামী ১ আগস্ট থেকে কলকাতার একটি বড় অংশের স্কুলগুলোতে পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনের মাধ্যমে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু হবে। শুধু কলকাতা নয়, ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই মিড ডে মিল সরবরাহের দায়িত্বে থাকবে ইসকন।

বিতর্কের আবহে বিশেষ সিদ্ধান্ত

২০২৬-২৭ সালের বাজেটে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে তখন থেকেই একটি মহলে প্রশ্ন উঠেছিল যে, ইসকনের খাবার নিরামিষ হওয়ায় পড়ুয়াদের আমিষ খাবার থেকে বঞ্চিত করা হচ্ছে কি না। এমনকি এই নিয়ে আইনি জট ও জনস্বার্থ মামলাও দায়ের হয়। এই সব বিতর্ক এড়াতেই এবার রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো যে, ইসকনের শুদ্ধ নিরামিষ খাবারের পাশাপশি এসএইচজি গ্রুপের মাধ্যমে আলাদা করে প্রোটিনযুক্ত ডিমও সরবরাহ করা হবে, যাতে পড়ুয়াদের সুষম ও সম্পূর্ণ আহার নিশ্চিত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *