নিট আন্দোলনের মিছিলে সাংবাদিক প্রহারে তোলপাড়! রাজ্যের ভূমিকা নিয়ে বিস্ফোরক নির্দেশ আদালতের!

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই ঘটনায় রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। একইসঙ্গে, আগামী দিনে মিটিং-মিছিল এবং সেখানে দুষ্কৃতীমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য সুনির্দিষ্ট কোনো গাইডলাইন বা এসওপি (SOP) তৈরি করা যায় কি না, সে বিষয়েও রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

আদালতে কী আর্জি জানানো হয়? গত শুক্রবার নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার রাজপথে একটি মিছিল বের হয়। অভিযোগ ওঠে, সেই মিছিলের মাঝেই ভিড়ের সুযোগ নিয়ে একাধিক সাংবাদিকের উপর চড়াও হয় কিছু দুষ্কৃতী। নির্মমভাবে আক্রান্ত হন বেশ কয়েকজন চিত্রসাংবাদিক ও রিপোর্টার। এই ঘটনার পরই আহত এক সাংবাদিকের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

আবেদনে স্পষ্ট জানানো হয় যে, এই মামলা কোনো ছাত্র আন্দোলন বা প্রতিবাদের বিরুদ্ধে নয়। বরং মিছিলের নামে কোনো ধরনের দুষ্কৃতীমূলক বা অসামাজিক কাজ যেন না ঘটে, তার জন্য রাজ্যকে একটি স্থায়ী গাইডলাইন তৈরি করতে হবে। পাশাপাশি, মিছিলে কোনো অপ্রীতিকর বা বেআইনি ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদেরই নিতে হবে বলেও সওয়াল করা হয়। বুধবার এই মামলার শুনানিতে আদালত গোটা ঘটনায় কড়া অবস্থান নিয়ে রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছে।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *