আর ফাঁকি নয়, নিয়মিত ইন্টারনাল অডিট বাধ্যতামূলক! নবান্নের বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্যের সমস্ত ক্ষয়প্রাপ্ত রাস্তা মেরামত ও সংস্কার করার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ষার কারণে রাজ্যের একাধিক রাস্তার বেহাল দশা তৈরি হওয়ার পর নবান্নের উচ্চপর্যায়ের সচিবদের বৈঠকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়ে জানান, আগামী ১০ অক্টোবরের মধ্যেই স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যজুড়ে সমস্ত রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে। এই কাজের জন্য পূর্ত দফতরকে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ভেন্ডারদের সমস্যা মেটানোর নির্দেশ
বৈঠকে আগের সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পূর্ববর্তী সরকারের সময় বহু ভেন্ডার বকেয়া টাকা না পেয়ে প্রতারিত হয়েছেন। পূর্ত দফতরের সচিবকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ওই ভেন্ডারদের সাথে দ্রুত কথা বলে তাদের সমস্ত প্রশাসনিক সমস্যা মেটাতে হবে, যাতে কাজের গতি থমকে না থাকে।
প্রতিটি দফতরে বাধ্যতামূলক ‘ক্যালেন্ডার ইন্টারনাল অডিট’
রাজ্য সরকারের কাজে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে বৈঠকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে কেবল কোনো অভিযোগ এলেই ইন্টারনাল অডিট বা অভ্যন্তরীণ নিরীক্ষা করা হবে— এমন নীতি চলবে না। প্রতিটি সরকারি দফতরকে নির্দিষ্ট ক্যালেন্ডার বা সময়সূচি মেনে নিয়মিত বাধ্যতামূলক ইন্টারনাল অডিট সম্পাদন করতে হবে।
১৬ অগাস্ট আয়ুষ্মান ভারত দিবস ও স্বাস্থ্য বীমা যোজনা
স্বাস্থ্য খাতের বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৬ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় পরিসরে উদযাপিত হবে ‘আয়ুষ্মান ভারত দিবস’।
সেই অনুষ্ঠানে যেসব নাগরিক ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধার আওতায় আসতে পারবেন না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ওই নাগরিকদের রাজ্য সরকারের নিজস্ব ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’-র আওতায় এনে চিকিৎসাসেবা সুনিশ্চিত করা হবে। প্রশাসনিক আধিকারিকদের ইতিমধ্যেই এই মেগা ইভেন্টের জোরদার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।