গভীর নিম্নচাপ দিঘার দোরগোড়ায়, বঙ্গে ফের বড় দুর্যোগের আশঙ্কা, জেনেনিন আপডেট

বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী গভীর নিম্নচাপের জেরে তোলপাড় রাজ্য। মঙ্গলবার ভোররাতে দিঘা ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করার পর থেকেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেও জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
কোথায় অবস্থান করছে নিম্নচাপ?
মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫:৩০-এ গভীর নিম্নচাপটি উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছিল। এটি দিঘা থেকে ৩০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং বালেশ্বর থেকে ৩০ কিমি উত্তর-পূর্বে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হবে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির তাণ্ডব?
নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
-
রেড ও অরেঞ্জ অ্যালার্টে থাকা জেলা: দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া ও কলকাতা।
-
দমকা হাওয়ার সতর্কতা: পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা বাতাস বইবে। অন্যান্য জেলায় বাতাসের গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিমি।
-
স্বস্তির খবর: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে যাবে। বুধবার থেকে রবিবার পর্যন্ত আপাতত বড় কোনও ঝড়ের সতর্কতা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বুধবার থেকে রবিবার পর্যন্ত উপরের দিকের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
কলকাতার তাপমাত্রা ও আবহাওয়া
আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৭৭ থেকে ৯৬ শতাংশের মধ্যে। বিগত ২৪ ঘণ্টায় শহরে ৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় উপকূলবর্তী অঞ্চলে ৫৫ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।