আমেরিকা থেকে উড়িয়ে আনা হলো বিশেষজ্ঞ সার্জন! কেমন আছেন অস্ত্রোপচারের পর রাম চরণ?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মহাতারকা রাম চরণকে (Ram Charan) নিয়ে অনুরাগীদের জন্য এল বড় খবর। কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে তাঁর কব্জির অস্ত্রোপচার। জানা গিয়েছে, তাঁর আসন্ন ছবি ‘পেদ্দি’ (Peddi)-র একটি হাই-ভোল্টেজ মারামারির বা অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় তাঁর কব্জির কার্টিলেজ ছিঁড়ে গিয়েছিল।

আমেরিকা থেকে আনা হয় বিশেষ সার্জন

চলচ্চিত্রের প্রচারের কাজ থাকায় রাম চরণ তাঁর এই অস্ত্রোপচার কিছুদিন স্থগিত রেখেছিলেন। এই সময় তাঁকে বিভিন্ন পাবলিক ইভেন্টে কব্জিতে ব্যান্ডেজ পরা অবস্থাতেও দেখা গিয়েছিল। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অস্ত্রোপচারের জন্য বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন অভিজ্ঞ সার্জনকে উড়িয়ে আনা হয়। ন্যূনতম কাটাছেঁড়া (Minimally Invasive) পদ্ধতিতে তাঁর এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে ফের ক্যামেরার সামনে বা কাজে ফিরতে তাঁর কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।

বক্স অফিসে সফল ‘পেদ্দি’ ও ওটিটি রিলিজ

জাহ্নবী কাপুরের বিপরীতে রাম চরণের ‘পেদ্দি’ ছবিটি গত ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির পর ছবির কিছু দৃশ্য নিয়ে সামান্য বিতর্ক তৈরি হলেও পরবর্তীতে সেই দৃশ্যগুলি বাদ দেওয়া হয়। ছবিটির বিষয়বস্তু এবং অভিনয় দর্শকদের মন জয় করায় বক্স অফিসে এটি দুর্দান্ত ব্যবসা করে, বিশেষ করে তেলেগু বক্সে অফিস কাড়িকাড়ি আয় করে।

অন্ধ্রপ্রদেশের একটি বিস্মৃত ও সরকারি মানচিত্র থেকে হারিয়ে যাওয়া গ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। যেখানে রাম চরণকে একজন তরুণ শ্রমিক ও ক্রীড়াবিদ ‘পেদ্দি’র চরিত্রে দেখা গিয়েছে, যিনি মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াইয়ের পাশাপাশি খেলাধুলাতেও খ্যাতি অর্জন করেন। এই ছবিতে তাঁর কুস্তি প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন কন্নড় সুপারস্টার শিব রাজকুমার। প্রেক্ষাগৃহের সফল দৌড় শেষ করে গত ৯ জুলাই থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায় স্ট্রিম করছে ‘পেদ্দি’। তবে এর হিন্দি সংস্করণ নিয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *