ইটভাটা লুটের মামলায় শর্তে বাঁধল হাইকোর্ট! ১০ দিনের সময়সীমা দিয়ে অনুব্রতকে দিল আগাম জামিন

আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন বীরভূমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আজ, সোমবার কলকাতা হাইকোর্ট থেকে ইঁটভাটা সংক্রান্ত একটি পুরোনো মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর হলো তাঁর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার শর্তে তাঁকে এই জামিন দেওয়া হয়েছে।

ঠিক কী ঘটনা ঘটেছিল ৫ বছর আগে?

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৫ মে সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ পাথরঘাটা ইঁটভাটায় কঙ্কালীতলার তৎকালীন উপপ্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় ১০০টি ট্রাক নিয়ে অনুব্রত মণ্ডল জোর করে প্রায় ৩ লক্ষ ইট তুলে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। সেই সময় লুট হওয়া ওই ইঁটগুলির বাজারমূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে দাবি করা হয়।

এই ঘটনার দীর্ঘ সময় পর, চলতি বছরের গত ৩০ মে শান্তিনিকেতন থানায় শুভেন্দু বিকাশ মণ্ডল নামের এক ব্যক্তি অনুব্রত মণ্ডল-সহ মোট ১৩ জনের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেন। সিউড়ি আদালতে এই মামলায় আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন কেষ্ট মণ্ডল। সোমবার হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করলেও তদন্তে সহযোগিতার কড়া শর্ত আরোপ করেছে। রাজনৈতিক পটপরিবর্তন ও দলবদলের গুঞ্জনের মাঝে আদালতের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *