সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ও গুজব রুখতে বিরাট পদক্ষেপ! ২৪ ঘণ্টার বিশেষ ‘ওয়ার রুম’ চালু করল রাজ্য সরকার

বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের সঙ্গে পাল্লা দিয়েই বৃদ্ধি পেয়েছে ভুয়ো খবর, গুজব এবং বিভ্রান্তিকর তথ্যের দাপট। এর জেরে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা তৈরি না হয়, সেই লক্ষ্যেই এবার অত্যন্ত কড়া ও দূরদর্শী সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খুব দ্রুত সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে এবার ২৪ ঘণ্টা (২৪x৭) চালু থাকছে একটি বিশেষ ‘ওয়ার রুম’ (War Room)। সরকারের মূল লক্ষ্য, যেকোনো ভুয়া বা মেকি খবরকে দ্রুত চিহ্নিত করে তার সত্যতা যাচাই করা এবং সঠিক তথ্য সামনে আনা।
কীভাবে কাজ করবে এই ‘ওয়ার রুম’?
তথ্য ও সংস্কৃতি দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ ওয়ার রুমটি দিন-রাত ২৪ ঘণ্টা সক্রিয়ভাবে কাজ করবে। এর মূল দায়িত্বগুলির মধ্যে রয়েছে:
নজরদারি: সংবাদপত্র, বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং ফেসবুক, এক্স (টুইটার)-এর মতো সমস্ত প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঠিক কী ধরনের তথ্য বা খবর ছড়াচ্ছে, তার ওপর সজাগ দৃষ্টি রাখা।
শনাক্তকরণ ও যাচাই: কোনো বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া খবর নজরে আসামাত্রই তা দ্রুত চিহ্নিত করা এবং তথ্য যাচাই (Fact-check) করা।
সঠিক তথ্য প্রকাশ: প্রয়োজন সাপেক্ষে সম্পূর্ণ তথ্যভিত্তিক জবাব বা খণ্ডন তৈরি করে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে দ্রুত সঠিক তথ্য জনসাধারণের সামনে নিয়ে আসা।
সমন্বয়: বিভিন্ন গণমাধ্যম এবং নির্ভরযোগ্য ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করা।
রাজ্য সরকারের মতে, অনেক সময়ই ভুয়া বা বিকৃত তথ্য ছড়িয়ে পড়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা জন্মায়। যার নেতিবাচক প্রভাব সরাসরি আইনশৃঙ্খলা, দৈনন্দিন সরকারি কাজকর্ম এবং সমগ্র রাজ্যের ভাবমূর্তির ওপর পড়তে পারে। সেই কারণেই এই ধরনের অপপ্রচার রোধে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
কারা থাকছেন এই টাস্কফোর্সের দায়িত্বে?
এই গুরুত্বপূর্ণ ওয়ার রুমটির সার্বিক দায়িত্বে রাখা হয়েছে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে নিখুঁত সমন্বয় বজায় রাখতে এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ আধিকারিকদের। এর মধ্যে রয়েছে—
স্বরাষ্ট্র দফতর
তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর
স্বাস্থ্য দফতর
বিপর্যয় মোকাবিলা দফতর
রাজ্য পুলিশ এবং প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকরা।
এক শীর্ষস্থানীয় সরকারি আধিকারিকের কথায়, শুধুমাত্র নজরদারি চালানোই নয়, বরং সঠিক ও ভেরিফায়েড তথ্য অত্যন্ত দ্রুত সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজকে গুজবামুক্ত রাখাই এই ওয়ার রুম গড়ার মূল উদ্দেশ্য।