ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার, CBI-এর জালে আরও ২ অভিযুক্ত

চার লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন দক্ষিণ-পূর্ব রেলের ডেপুটি চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সত্যম কুমার। হাওড়া থেকে সিবিআই (CBI)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। এই চাঞ্চল্যকর দুর্নীতি কাণ্ডে সত্যম কুমার ছাড়াও আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বাকি দু’জন হলেন রাজু পণ্ডিত ও সুব্রত চক্রবর্তী। গত শনিবার তিন অভিযুক্তকেই আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
সিগন্যালিং প্রকল্পের ফাইল ও লক্ষাধিক টাকার লেনদেন
ধৃত সত্যম কুমার দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের ডেপুটি চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, ধৃত রাজু পণ্ডিত ও সুব্রত চক্রবর্তী কলকাতার বেসরকারি সংস্থা ‘মেসার্স এমআরটি সিগন্যালস লিমিটেড’-এর প্রতিনিধি।
সিবিআই সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই ওই রেল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই নজরদারি শুরু করে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, চক্রধরপুর ডিভিশনে সিগন্যাল ও টেলিকমের যে কাজ করছিল ওই বেসরকারি সংস্থা, সেই কাজের চুক্তিতে পরিবর্তন আনা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল পাস করানোর বিনিময়ে বিপুল পরিমাণ ঘুষ দাবি করেছিলেন ওই ইঞ্জিনিয়ার।
প্রাথমিক তদন্তে এও জানা গেছে, এর আগে চলতি বছরের মে মাসেও রেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে কয়েক জনের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন অভিযুক্ত সত্যম। তবে এবার বকেয়া টাকা নিতে এসেই হাওড়ায় সিবিআই-এর পাতা ফাঁদে পা দেন তিনি।
৩ রাজ্যে একযোগে তল্লাশি ও নথি উদ্ধার
এই ঘটনার পরেই সিবিআই-এর একটি বিশেষ দল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার— এই তিন রাজ্যে একযোগে মেগা অভিযান চালায়। বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে এই দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। রেলের এই দুর্নীতির নেপথ্যে আরও একটি বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের লাগাতার জেরা করছে সিবিআই।