‘কুঞ্চিত চুলে সীতা মানায় না!’ নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ও সাই পল্লবীর কাস্টিং নিয়ে বিস্ফোরক মন্তব্য দীপিকা চিখালিয়ার

চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’। নিতেশ তিওয়ারির নির্দেশনায় এই মহাকাব্যে দেবীর সীতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। তবে ছবিটি মুক্তির আগেই রামানন্দ সাগরের ক্লাসিক টিভি শোয়ের জনপ্রিয় ‘সীতা’ অর্থাৎ দীপিকা চিখালিয়া সাই পল্লবীর কাস্টিং এবং নীতীশ তিওয়ারির এই প্রজেক্ট নিয়ে মুখ খুলেছেন।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, সাই পল্লবী অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী হলেও পর্দা দেখার আগে তাঁর কাস্টিং নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তুলসীদাসের রামায়ণে সীতার শারীরিক গঠনের যে বর্ণনা দেওয়া হয়েছে, তার সঙ্গে কতটা মিলবে তা ছবি মুক্তির পরেই স্পষ্ট হবে। একইসঙ্গে তিনি রসিকতা করে বলেন, তুলসীদাসের বর্ণনায় সীতার কোঁকড়ানো চুলের কোনো উল্লেখ নেই, যা সাই পল্লবীর ক্ষেত্রে দেখা যায়।
সাফল্যের চাবিকাঠি ও টাইপকাস্ট হওয়ার যন্ত্রণা:
রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর স্থায়ী প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা জানান, কোভিড লকডাউনের সময় নতুন প্রজন্মও এই শো দেখেছে। তাই এই পুরনো স্মৃতি মানুষের মন থেকে মুছে ফেলা অত্যন্ত কঠিন। তবে এই আইকনিক চরিত্রের কারণে কেরিয়ারে যে তাঁদের চরম মূল্য চোকাতে হয়েছে, সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
দীপিকার কথায়, “আমাদের যুগে অভিনেতারা টাইপকাস্ট হয়ে যেতেন। আজও মানুষ আমাকে কেবল ‘সীতা’ হিসেবেই দেখে, অন্য কোনো চরিত্রে মেনে নিতে পারে না। তাই কাজের অভাবের কারণে আমাকে নিজেই প্রযোজনায় নামতে হয়েছে।” তবে বর্তমান প্রজন্মের অভিনেতারা অনেক বেশি ভাগ্যবান বলে মনে করেন তিনি, কারণ রণবীর কাপুর ‘রকস্টার’, ‘বরফি’ বা ‘অ্যানিমেল’-এর মতো বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার পরেও রামের মতো চরিত্রে অভিনয় করছেন।
তারকাখচিত কাস্টিং ও শুভকামনা:
ছবির অন্যান্য কলাকুশলীদের প্রশংসা করে দীপিকা জানান, রাবণের ভূমিকায় যশের অভিনয় বেশ ডায়নামিক হবে এবং রামায়ণের পুরনো স্মৃতির সঙ্গে লড়াই করা নতুন ছবির জন্য বড় চ্যালেঞ্জ হলেও, তিনি পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন। নিতেশ তিওয়ারির এই ছবিতে রণবীর কাপুর ও সাই পল্লবী ছাড়াও যশের পাশাপাশি হনুমানের চরিত্রে সানি দেওল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাজা দশরথের ভূমিকায় মূল শোয়ের ‘রাম’ অর্থাৎ অরুণ গোভিলকে দেখা যাবে।