“কলেজ ছাত্রীকে দেখে অশালীন অঙ্গভঙ্গি!”-হাবড়ায় যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

এক কলেজ ছাত্রীকে দেখে এক ব্যক্তির বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গি করার অত্যন্ত গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাবড়া এলাকায়। অভিযুক্ত ওই যুবক স্থানীয় এক হোটেল মালিকের ভাই বলে জানা গিয়েছে, যার নাম রঞ্জিত বণিক। ঘটনার পর ভুক্তভোগী কলেজ ছাত্রী নিজেই সমস্ত ঘটনার একটি ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়োটি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঠিক কী ঘটেছিল-
সূত্রের খবর, হাবড়াস্থিত এক কলেজ ছাত্রীর দিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুদৃষ্টে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি ও ইশারা করার অভিযোগ ওঠে রঞ্জিত বণিকের বিরুদ্ধে। এই ধরনের হেনস্থার মুখে পড়ে ছাত্রীটি ভয় পেয়ে চুপ করে না থেকে সাহসিকতার পরিচয় দেন। তিনি সঙ্গে সঙ্গেই পুরো ঘটনার একটি ভিডিয়ো প্রমাণ হিসেবে রেকর্ড করে নেন। এরপর সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং নেটনাগরিকদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়ে অভিযুক্ত।
পুলিশের পদক্ষেপ
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই বিষয়টি হাবড়া থানা ও স্থানীয় প্রশাসনের নজরে আসে। ঘটনার তীব্রতা বিচার করে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত রঞ্জিত বণিক পলাতক রয়েছে বলে জানা গেছে। হাবড়া থানার পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।