‘রাজ্যে আইনের শাসন বজায় রাখতে হবে!’ ভাটপাড়ায় বেআইনি বাড়ি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিয়ে কড়া বার্তা বিচারপতির

আদালতের স্পষ্ট নির্দেশকে উপেক্ষা করে বেআইনি নির্মাণ ভাঙার কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ভাটপাড়ায় জুটমিলের জমিতে একটি বাড়ি ভাঙার মামলায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে আদালত। একইসঙ্গে ব্যারাকপুরের মহকুমা শাসককে ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছিল ভাটপাড়ায়?

ভাটপাড়া পুরসভার অন্তর্গত জুটমিলের জমিতে জিতেন্দ্র কুমার রাউত নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ি বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে জুটমিল কর্তৃপক্ষের তরফে অভিযোগ তোলা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই ভাটপাড়া পুরসভা বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল সকালে হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী।

গতকাল সকালেই বিচারপতি রাজা বসুচৌধুরী ওই বাড়ি ভাঙার ওপর স্থগিতাদেশের নির্দেশ দেন। কিন্তু অভিযোগ ওঠে, আদালতের সেই স্থগিতাদেশের কপি মেইল করে পুরসভাকে পাঠানো সত্ত্বেও তা অগ্রাহ্য করে বাড়ি ভাঙার কাজ চালিয়ে যাওয়া হয়। ভিডিয়ো কলের মাধ্যমে বিষয়টি আদালতের আইনজীবীরা বিচারপতির নজরে আনলে চরম ক্ষুব্ধ হন বিচারপতি। আদালতের নির্দেশ অমান্য করার দায়ে ভাটপাড়ার পুরপ্রশাসক এবং থানার ওসিকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতে কী সাফাই দিল প্রশাসন?

হাইকোর্টের নির্দেশ মেনে এদিন দুপুরে আদালতে সশরীরে হাজির হন পুরপ্রশাসক। তাঁর দাবি, অন্যকাজে ব্যস্ত থাকার কারণে তিনি আদালতের নির্দেশটি কিছুটা দেরিতে দেখতে পেয়েছিলেন। তবে তাঁর এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি।

বিচারপতি রাজা বসুচৌধুরী কড়া ভাষায় পর্যবেক্ষণ দিয়ে বলেন, “রাজ্যে আইনের শাসন বজায় রাখতে হবে। আদালতের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।”

আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশসমূহ

এদিন মামলার শুনানিতে একাধিক কড়া পদক্ষেপের কথা জানিয়েছে হাইকোর্ট:

  • আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভাটপাড়ায় ওই নির্দিষ্ট বাড়ি ভাঙার ওপর কড়া স্থগিতাদেশ বহাল থাকবে।

  • ব্যারাকপুরের মহকুমা শাসককে সয়ং ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি পরিদর্শন করে অনুসন্ধান করতে হবে।

  • মামলাকারীর নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে পুলিশকে এবং ভাঙার নির্দিষ্ট স্থানেও পুলিশি নজরদারি বজায় রাখতে হবে।

  • আগামী ২৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেদিন ভাটপাড়ার পুরপ্রশাসককে নিজের আত্মপক্ষে সাফাই দিয়ে লিখিত হলফনামা জমা দিতে হবে।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *