‘দিদি শুধু অভিষেক করলে সমস্যা হচ্ছে!’ একুশের মঞ্চের পর মমতার সামনেই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

গতকাল ২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ স্মরণের মঞ্চে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘক্ষণ ভাষণ দেওয়া ঘিরে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। মঞ্চেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর নিজের ‘বিরক্তি প্রকাশ’ করতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বাদানুবাদের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের একাংশকে নিশানা করে ফের একবার তীব্র আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
এদিন নিজের ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই ৮০ জনের মতো, আর ২০ জনের মতো নই। মানুষও আমাকে ভালোবাসે, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এতে কারওর কোনও হিংসার কারণ নেই। আমার জায়গা চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে, তাহলে তার শেষ। এমনিতেও শেষ হয়ে যাচ্ছে।”
দলে নিজের রাজনৈতিক অবস্থান ও লড়াইয়ের কথা স্পষ্ট করে তৃণমূল সাংসদ আরও বলেন, “মানুষও জানে আমি লড়াই করি। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলে থেকেই করব। এদের মতো আমি নই যে ৮০ জন চলে গেছে, ২০ জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করে হলেও করব।”
দল ছাড়ার জল্পনা ও অনুগামীদের বার্তা
সম্প্রতি তাঁর দলবদল বা ক্ষোভ নিয়ে নানা জল্পনা তৈরি হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কাল থেকে অনেক ফোন-মেসেজ পাচ্ছি যে, দাদা দল ছেড়ে যাবেন না। আমি কেন যাব দল ছেড়ে…”
রাজনৈতিক মহলের মতে, একুশের মঞ্চে নেত্রীর সামনেই এই ধরনের অসন্তোষ প্রকাশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নেতৃত্বের প্রতি এই তোপ দাগা আগামী দিনে শাসকশিবিরের অন্দরে নতুন করে অভ্যন্তরীণ কোন্দলকে উসকে দিতে পারে।