“অলিগলিতে চালিয়ে কি পেট চলবে?” বড় রাস্তায় টোটো ব্যান হতেই মাথায় হাত চালকদের, জল্পনা তুঙ্গে

হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং রাজ্যের যেকোনো বড় রাস্তায় এবার থেকে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পথ দুর্ঘটনা এড়ানো এবং বড় গাড়িগুলির গতি সচল রাখার লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের (DM) এবং পুলিশ সুপারদের (SP) কাছে এই মর্মে কড়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধান রাস্তাগুলিতে টোটো চলাচল করলে তৎক্ষণাৎ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।
এদিন মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে টোটো চলার বিরোধী নন। তবে হাইওয়ে বা বড় রাস্তায় টোটো চলার কারণে যাত্রীবাহী বাস ও ভারী গাড়ি চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং তৈরি হচ্ছে তীব্র যানজট। সেই যানজট ও বিশৃঙ্খলা রুখতেই এই জবরদস্ত পদক্ষেপ করা হয়েছে। মন্ত্রীর কথায়, “টোটো চলুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মূল রাস্তায় (মেন রোড) গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে।”
টোটো চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ
সরকারের এই নতুন নির্দেশিকা সামনে আসার পরেই টোটো চালকদের অন্দরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও চরম উদ্বেগ। ব্যারাকপুরের এক টোটো চালক প্রসেনজিৎ আক্ষেপের সুরে বলেন, “আমরা তো সাধারণত রাস্তার সাইড দিয়েই চলাচল করি। কিন্তু প্রয়োজনে তো মাঝে মাঝে মেইন রোডে উঠতেই হয়। এখন হঠাৎ যাতায়াত বন্ধ করে দিলে আমাদের চরম সমস্যায় পড়তে হবে। যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়, তবে খুব ভালো হয়। কারণ শুধু অলিগলিতে টোটো চালিয়ে তো আর আমাদের পেটের ভাত জুটবে না!”
অন্য এক টোটো চালকের মতে, “আমাদের যদি সার্ভিস রোড বা মূল রাস্তায় নামতেই না দেওয়া হয়, তবে আমরা গাড়ি চালাব কোথায়? আমাদেরও তো পরিবার-পরিজন ও সংসার আছে। শুধু অলিগলিতে পর্যাপ্ত ভাড়াও পাওয়া যায় না। সরকার যা করছে নিশ্চয়ই ভালোর জন্যই ভাবছে, কিন্তু আমাদের রুটি-রুজির দিকটাও তো সরকারকে দেখতে হবে।” যদিও এই নতুন সিদ্ধান্ত ঘিরে তীব্র চাপানউতোর চললেও অনেক চালক ভয়ে বা অন্য কারণে এ বিষয়ে মুখ খুলতে চাননি।
যাত্রী মহলে স্বস্তির নিঃশ্বাস
চালকদের একাংশের অসন্তোষ থাকলেও সাধারণ যাত্রীদের বড় একটা অংশ সরকারের এই সিদ্ধান্তকে মুক্তকণ্ঠে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যেভাবে হু হু করে দিনদিন পথ দুর্ঘটনা বাড়ছিল এবং প্রধান রাস্তাগুলিতে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, তাতে এই ধরনের কড়া নিয়ন্ত্রণ আনা অত্যন্ত জরুরি ছিল।