App ক্যাবে ভাড়া কমবে? ‘ভারত ট্যাক্সি’ ও ‘যাত্রী সাথী’-র হাত ধরে বাংলার চালকদের নতুন ভবিষ্যৎ!

অ্যাপ ক্যাব সংস্থাগুলির মাত্রাতিরিক্ত কমিশন ও সারচার্জের হাত থেকে চালকদের মুক্তি দিতে এবং যাত্রীদের সাশ্রয়ী পরিষেবা দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। রবিবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ ‘ভারত ট্যাক্সি’ প্রকল্পের ঘোষণা করেন। এই উদ্যোগে রাজ্যের ‘যাত্রী সাথী’ প্রকল্পের সাথে যুক্ত চালকদের সমবায় মডেলে অন্তর্ভুক্ত করা হবে।
ভারত ট্যাক্সি-সমবায় মডেল কী? ওলা বা উবেরের মতো প্ল্যাটফর্মগুলির সাথে এর মূল পার্থক্য হলো ‘মালিকানা’।
-
জিরো কমিশন: এখানে কোনো প্ল্যাটফর্ম ফি বা কমিশন নেই। যাত্রীর দেওয়া ভাড়ার পুরোটাই সরাসরি চালকের পকেটে যাবে।
-
সারথী-র সম্মান: এই প্ল্যাটফর্মে চালকদের ‘সারথী’ বা চালক-অংশীদার বলা হচ্ছে। চালকরা শুধু গাড়ি চালাবেন না, তারা এই সমবায় সংস্থার মালিকানার অংশীদারও হবেন।
-
সামাজিক সুরক্ষা: চালকদের জন্য থাকছে স্বাস্থ্য বিমা, জীবন বিমা, দুর্ঘটনাজনিত সহায়তা এবং রিটায়মেন্ট সেভিংস-এর মতো সুবিধা, যা বর্তমানে অন্য কোনো অ্যাপ ক্যাবে পাওয়া যায় না।
যাত্রীদের জন্য কী সুবিধা? যাত্রী সাথী ও ভারত ট্যাক্সির এই গাঁটছড়ার ফলে গ্রাহকদের আর ‘পিক আওয়ার সারচার্জ’-এর মতো বাড়তি খরচের বোঝা বইতে হবে না। বৃষ্টি বা যানজটের সময় অ্যাপ ক্যাব সংস্থাগুলি যে বিপুল পরিমাণ অতিরিক্ত ভাড়া আদায় করত, ‘ভারত ট্যাক্সি’-তে সেই জটিলতা থাকবে না। যাত্রীরা পাবেন স্বচ্ছ, সহজলভ্য এবং কো-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে উন্নত পরিষেবা।
শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া: বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, এই মউ (MoU)-এর মূল উদ্দেশ্য হলো রাজ্যের পরিশ্রমী চালকদের আত্মমর্যাদা ও আর্থিক সুরক্ষা প্রদান করা। একইসাথে যাত্রীদের উন্নত ও ইন্টারঅপারেবল পরিষেবা নিশ্চিত করা।
পরিবহন মানচিত্রে বড় বদল: বিশেষজ্ঞদের মতে, রাজ্যের পরিবহন ব্যবস্থায় অ্যাপ ক্যাব সংস্থাগুলির একচেটিয়া রাজত্বে এই সমবায় মডেল বড়সড় ধাক্কা দিতে পারে। চালকরা যখন উপার্জনের পূর্ণ অংশীদার হবেন এবং সামাজিক সুরক্ষার নিশ্চয়তা পাবেন, তখন স্বাভাবিকভাবেই পরিষেবার মান বৃদ্ধি পাবে।