তৃণমূলকে তোপ, বাংলায় নতুন ভোরের ডাক! কলকাতায় কী বললেন অমিত শাহ?

রবিবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল পশ্চিমবঙ্গ। আমুল বেঙ্গল ডেয়ারি প্রজেক্টের অধীনে রাজ্যে গড়ে উঠতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র। এদিন সেই কারখানার শিলান্যাস ও ভূমিপুজো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের শিল্প মানচিত্রে একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

‘মিষ্টিমুখ করাতে এসেছি’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বাংলার চিরপরিচিত ‘মিষ্টি দই’-এর প্রসঙ্গ টেনে রাজনৈতিক আক্রমণ শানাতে ভোলেননি। তিনি বলেন, “বাংলার নির্বাচনে জয়ের পর আমি প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে রাজ্যবাসীকে মিষ্টি দই খাইয়ে মুখ মিষ্টি করাতে এসেছি। স্বাধীনতার পর বহু নির্বাচন হয়েছে, কিন্তু এবারের পরিবর্তন সম্পূর্ণ আলাদা।”

তৃণমূল ও বাম সরকারকে কড়া নিশানা রাজ্যের অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হয়ে শাহ অভিযোগ করেন, একসময় বাংলা সারা দেশের পথপ্রদর্শক ছিল। কিন্তু দীর্ঘদিনের কমিউনিস্ট শাসনে সেই গৌরব নষ্ট হয়েছে। এরপর তৃণমূল কংগ্রেসকে বিঁধে তিনি বলেন, “বাম জমানার পর বাংলা পড়েছে টিএমসি-র খপ্পরে। আদর্শহীন, দুর্নীতিগ্রস্ত ও অপরাধীদের দাপটে কবিগুরুর স্বপ্নের সোনার বাংলা আজ ধ্বংসের মুখে।”

‘নতুন করে সোনার বাংলা গড়ার ডাক’ রাজ্য এখন ঘুরে দাঁড়ানোর পথে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘ সংগ্রামের পর প্রধানমন্ত্রী মোদীর ডাকে সারা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের মাধ্যমে ‘সোনার বাংলা’ গড়ার আন্দোলন নতুন করে শুরু হয়েছে।”

উল্লেখ্য, এদিন সকালে কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’-এর প্রথম পর্যায়ের উদ্বোধনও করেন অমিত শাহ। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে দাবি করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *