‘রেকর্ডিং বন্ধ করুন…’,পাপারাৎজিদের দেখেই চটলেন মৌনী, দিলেন কড়া নির্দেশ

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনী রায়কে কেন্দ্র করে ফের শোরগোল। তবে এবার তাঁর গ্ল্যামারাস লুকে মুগ্ধতা নয়, বরং পাপারাৎজিদের ওপর তাঁর বিরক্তি প্রকাশ পেয়েছে শিরোনামে। মুম্বইয়ের বান্দ্রার একটি হোটেল থেকে বেরনোর সময় ক্যামেরার ফ্ল্যাশ ও পাপারাৎজিদের উপদ্রবে মেজাজ হারিয়ে ফেললেন অভিনেত্রী।

ভিডিওতে কী দেখা গেল? বন্ধু অনুশা দান্ডেকরের সাথে ডিনার সেরে হোটেল থেকে বের হচ্ছিলেন মৌনী। হোটেলের বাইরে আগে থেকেই ক্যামেরা হাতে ওত পেতে ছিলেন পাপারাৎজিরা। অনবরত ছবি ও ভিডিও তোলা শুরু হতেই অস্বস্তিতে পড়েন মৌনী। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বারবার হাত নেড়ে এবং অত্যন্ত বিরক্ত হয়ে তিনি বলছেন, “দয়া করে রেকর্ড করবেন না।” বারবার অনুরোধ সত্ত্বেও পাপারাৎজিরা লেন্সবন্দি করা না থামানোয় অভিনেত্রীর বিরক্তি তাঁর চোখে-মুখে স্পষ্ট ধরা পড়ে।

ব্যক্তিগত পরিসর বনাম গ্ল্যামার দুনিয়া এই ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে দুই রকমের মত দেখা যাচ্ছে। কেউ কেউ মৌনীর গোপনীয়তার অধিকারকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ মনে করছেন, তারকা হিসেবে এইটুকু চাপ মেনে নেওয়াই নিয়ম। যদিও মৌনী আগেও একাধিকবার বলেছেন যে, তারকা হলেও সাধারণ মানুষের মতোই ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা রক্ষার অধিকার তাঁর আছে। এর আগে উদয়পুর বিমান বন্দরেও তিনি দিশা পাটানির দিকে ক্যামেরা ঘোরানোর অনুরোধ করেছিলেন, যা থেকে তাঁর বিরক্তি স্পষ্ট হয়েছিল।

গুঞ্জন ও বাস্তব সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চাপের মুখে পড়েছেন অভিনেত্রী। স্বামী সুরজ নাম্বিয়ারের সাথে তাঁর বিচ্ছেদের গুঞ্জন, এমনকি দিশা পাটানির সাথে তাঁর সম্পর্ক নিয়ে রটানো সমকামিতার গুজব নিয়েও সরগরম সোশ্যাল মিডিয়া। যদিও এই সব রটনাকে অভিনেত্রী ‘মিথ্যা’ বলেই উড়িয়ে দিয়েছেন।

পাপারাৎজিদের সঙ্গে মৌনীর এই সংঘাত নতুন কিছু নয়। মাঝে মাঝেই হাসিখুশি মেজাজে দেখা গেলেও, যখনই তাঁর ‘পার্সোনাল স্পেস’ বা ব্যক্তিগত সীমানা লঙ্ঘিত হয়, তখনই তিনি অকপটে নিজের অসন্তোষ প্রকাশ করতে দ্বিধা করেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *