নগদ টাকা ডাবলের লোভ! পুরুলিয়ায় অভিনব সাইবার প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত ব্যক্তি

বলিউডের ‘ফির হেরাফেরি’ সিনেমার সেই বিখ্যাত সংলাপ নিশ্চয়ই মনে আছে— ‘২১ দিনে টাকা ডবল’? বাস্তব জীবনেও ঠিক সেই সিনেমার কায়দাতেই প্রতারণার শিকার হলেন পুরুলিয়ার আদ্রা থানা এলাকার এক বাসিন্দা। আট লক্ষ টাকার প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১.৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দুষ্কৃতী চক্রের বিরুদ্ধে।
পুরো ঘটনাটি ঠিক কী?
অভিযোগকারীর বয়ান অনুযায়ী, শুক্রবার সকালে তাঁর কাছে একটি অজ্ঞাতপরিচয় ফোন আসে। ফোনের ওপার থেকে দাবি করা হয়, তাদের কাছে আট লক্ষ টাকা (সবই ১০০ টাকার নোটে) আছে, যা তারা মাত্র তিন লক্ষ টাকার বিনিময়ে দিয়ে দিতে রাজি। এই প্রলোভনে পা দিয়ে প্রতারিত ব্যক্তি রাজি হয়ে যান।
প্রতারকরা তাঁকে প্রথমে পুরুলিয়ার চাষ মোড় এবং পরে জায়গা বদলে টামনা মোড়ে ডাকে। অভিযোগকারী সেখানে পৌঁছালে দুষ্কৃতীরা তাঁকে স্টেশন রোডের দিকে নিয়ে যায়। সেখানে অন্য দুই সঙ্গীর উপস্থিতিতে তাড়াহুড়ো করে তাঁর কাছ থেকে ১.৭০ লক্ষ টাকা নেওয়া হয় এবং বিনিময়ে একটি কাপড়ে মোড়া ব্যাগ ধরিয়ে দেওয়া হয়। কিছুটা এগিয়ে ব্যাগটি খুলতেই তিনি দেখেন, ভেতরে টাকার বদলে রয়েছে শুধুই কাগজ! বুঝতে পারেন তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।
পুলিশের সতর্কবার্তা:
পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে যে, কোনো অপরিচিত ব্যক্তির দেওয়া এই ধরনের আকাশকুসুম প্রলোভনে যেন সাধারণ মানুষ পা না দেন। সচেতনতাই এই ধরনের সাইবার ও ফিজিক্যাল প্রতারণা থেকে বাঁচার একমাত্র পথ।