BBC: ৮১ বছরের যাত্রার ইতি, বন্ধ হয়ে গেলো বিবিসি বাংলার সম্প্রচার

বিবিসি বাংলা রেডিও ৮১ বছরের যাত্রার ইতি টানল। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টায় শেষবারের মতো বিবিসি রেডিওতে প্রচারিত হয়েছে সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ ও ‘পরিক্রমা’। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘকাল বাংলার মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা রেডিওটির সম্প্রচার বন্ধ হয়ে গেল।
শুধু বিবিসি বাংলা রেডিও নয় আরো অন্যান্য ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি। তবে কোন ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ করা হচ্ছে না এবং অনেকগুলো অনলাইন কার্যক্রম পরিচালনা করবে।

বিবিসির তথ্য অনুযায়ী, বিবিসি বাংলা ছাড়াও আরো যেসব ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে তার মধ্যে আছে আরবি, পার্সিয়ান, চীনা, কিরগিজ, উজবেক, ইন্দোনেশিয়ান, তামিল ও উর্দু।

বিবিসি বাংলার রেডিও কার্যক্রম ১৯৪১ সালের ১১ই অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিল। পরে পর্যায়ক্রমে সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সালে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ শূন্য করার প্রস্তাব করেছে, যার উদ্দেশ্য ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (৩২০ কোটি টাকার বেশি) সঞ্চয় করা। তবে বার্ষিক মোট ৫০০ মিলিয়ন পাউন্ড সঞ্চয়ের অংশ হিসেবে সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে নিয়ে যাওয়া হচ্ছে।’

যে কারণে বন্ধ হচ্ছে

বিবিসির তথ্য, উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমন্বিত চাপই ‘তাদের এ কঠিন সিদ্ধান্তের’ দিকে নিয়ে গেছে।

আরো জানা যাচ্ছে যে, ওয়ার্ল্ড সার্ভিসকে আরো আধুনিক, ডিজিটাল ও সুবিন্যস্ত করার কৌশলকে সমর্থন করতে এ পরিকল্পনা সহায়তা করবে।এখন যেসব সার্ভিস শুধু অনলাইনে থাকবে তার মধ্যে চীনা, গুজরাটি, ইন্দোনেশিয়ান, পিজিন, ইগবো, ইউরুবা ও উর্দু আছে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রচার প্রতিষ্ঠান। রেডিও, টিভি ও ডিজিটাল মাধ্যমে কার্যক্রম আছে তাদের। এখন সপ্তাহে প্রায় ৩৬৪ মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় বিবিসি, যার অর্ধেকই অনলাইনে।

ওয়ার্ল্ড সার্ভিস ইংরেজি বিশ্বব্যাপী সার্বক্ষণিক সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে এবং করপোরেশন বলছে, নতুন অনুষ্ঠানসূচী, অনুষ্ঠান ও পডকাস্ট পরে ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *