রেল মানচিত্রে নতুন ইতিহাস! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন মোদি

ভারতের রেল মানচিত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৭ জুলাই, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের শুভ উদ্বোধন করবেন। পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থার দিকে এটি ভারতের এক বিরাট পদক্ষেপ।

যাত্রাপথ ও রুট: হরিয়ানার জিন্দ (Jind) থেকে সোনিপত (Sonipat) পর্যন্ত ৮৯ কিলোমিটার দীর্ঘ পথে চলবে এই অত্যাধুনিক ট্রেন। পাইলট প্রজেক্ট হিসেবে ট্রেনটি জিন্দ সিটি, পান্ডু পিন্ডারা, ললিত খেরা, ভাম্ভেবা, ইসাপুর খেরি, ভুতানা, খান্দারাই, গোহানা, রাবরা, লাট, মোহনা এবং বারওয়াসনি—এই ১২টি স্টেশনে থামবে। ট্রেনের নম্বর রাখা হয়েছে ৭৪-০১০ / ৭৪-০০৯।

ট্রেনের সক্ষমতা ও প্রযুক্তি:

  • যাত্রী ধারণক্ষমতা: ট্রেনটিতে ৬৮২টি বসার আসন রয়েছে এবং মোট ২,৬০০ যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারবেন।

  • প্রযুক্তি: এতে ১২০০ কিলোওয়াট-আওয়ার ক্ষমতা সম্পন্ন ফুয়েল সেল প্রোপালসেন সিস্টেম ব্যবহার করা হয়েছে। হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ থেকে এই ট্রেনের ইঞ্জিন পরিচালিত হয়।

  • পরিবেশবান্ধব: এই ট্রেন থেকে কোনো ক্ষতিকারক ধোঁয়া নির্গত হয় না, বরং উপজাত হিসেবে শুধুমাত্র জলীয় বাষ্প তৈরি হয়।

  • গতি: ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হলেও, নিরাপত্তার খাতিরে প্রাথমিকভাবে এটি ৭৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে।

নিরাপত্তা ও ভবিষ্যৎ লক্ষ্য: আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে এই ট্রেনের হাইড্রোজেন স্টোরেজ ট্যাঙ্ক। জার্মানি, জাপান, চীন, আমেরিকা ও ইতালির মতো দেশের পথ অনুসরণ করে ভারতও এবার হাইড্রোজেন ট্রেনের আঙিনায় পা রাখল। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে হরিয়ানার রুটে চললেও, রেলমন্ত্রকের লক্ষ্য ভারতের অন্যান্য নন-ইলেক্ট্রিফায়েড বা বিদ্যুৎহীন রুটেও এই পরিবেশবান্ধব প্রযুক্তি দ্রুত ছড়িয়ে দেওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *