প্রকাশ্য স্থানে পর্নোগ্রাফি নিষিদ্ধের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, কী জানাল শীর্ষ আদালত?

প্রকাশ্য স্থানে বা ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখা নিষিদ্ধ করার দাবি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা (PIL) দাখিল হয়েছিল, তা খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নীতি-নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আদালত কোনো হস্তক্ষেপ করবে না।
আদালতের পর্যবেক্ষণ মামলার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, পর্নোগ্রাফি রোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি কোনো আইনি প্রশ্ন নয়, যা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় হতে পারে। এই ধরণের নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ও বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন। আদালত স্পষ্ট করে বলেছে, “এটি নীতি-সংক্রান্ত বিষয়, যা মূলত ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতাধীন। সরকারই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।”
কী ছিল আবেদনে? সমাজকর্মী বিএল জৈনের দায়ের করা এই মামলায় দাবি করা হয়েছিল, ইন্টারনেটে পর্নোগ্রাফিক কন্টেন্ট মানুষের হাতের মুঠোয় থাকায় আসক্তি ও যৌন অপরাধের হার বাড়ছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, প্রতি সেকেন্ডে প্রায় ৫,০০০ পর্ন সাইট দেখা হয় এবং ইন্টারনেটে ২ কোটিরও বেশি পর্ন ভিডিও প্রচার হচ্ছে। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯এ ধারার উল্লেখ করে আবেদনকারী দাবি জানিয়েছিলেন, কেন্দ্র সরকার যেন একটি জাতীয় নীতি তৈরি করে জনস্বার্থে ওইসব কন্টেন্ট ব্লক করার প্রক্রিয়া শুরু করে।
আবেদনকারীকে পরামর্শ মামলা খারিজ করলেও শীর্ষ আদালত আবেদনকারীকে আইনি পথ বাতলে দিয়েছে। আদালত জানিয়েছে, আবেদনকারী চাইলে এ বিষয়ে সরকার বা তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব বা আবেদন জানাতে পারেন। সরকারি স্তরেই এই বিষয়ে প্রয়োজনীয় আলোচনার দাবি জানানোই সমীচীন বলে মনে করছে সুপ্রিম কোর্ট।