সুরুচি সঙ্ঘের পুজো কি হবে? ‘বিশ্বাস ব্রাদার্স’ বিদায়ের পর কি প্ল্যান করছে কমিটি

কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে ‘সুরুচি সঙ্ঘ’ এক অপ্রতিদ্বন্দ্বী নাম। এতদিন যা ছিল অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের পুজো হিসেবে পরিচিত, পালাবদলের হাওয়া লেগেছে সেই পুজোয়। খোলনলচে বদলে গেছে নিউ আলিপুরের এই বিখ্যাত ক্লাবের পরিচালনার ভার। অরূপ এবং স্বরূপ বিশ্বাসকে সরিয়ে ক্লাবের মাথায় এবার বসলেন উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার।

কী থাকছে এবারের পুজোয়? পুজোপ্রেমী মানুষের মনে প্রশ্ন ছিল, বিতর্ক ও আইনি জটিলতার জেরে এ বছর কি সুরুচি সঙ্ঘের পুজো বন্ধ হয়ে যাবে? তাদের জন্য সুখবর—পুজো বন্ধ হচ্ছে না। বরং নয়া উদ্যমে এবং ধুমধাম করেই দুর্গাপুজো হবে। থাকছে চমকপ্রদ থিমও।

নতুন কমিটির প্রধান হিসেবে সৌরভ শিকদার বলেন, “সুরুচি সঙ্ঘের জৌলুস বা বৈভব কোনওটাই কমবে না। কিন্তু এবার থেকে মানুষের অসুবিধা করে বা মানুষকে ভয় দেখিয়ে পুজো হবে না। অতীতে যে অতিরিক্ত ‘VIP কালচার’ ছিল, তার ফলে সাধারণ এলাকাবাসীই নিজেদের এলাকায় পুজো দেখতে পারতেন না। আমরা সেই ছবি বদলাতে চাই।”

রাস্তা কি আর বন্ধ থাকবে? সুরুচির পুজোয় দুর্গাপুর ব্রিজে যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়া এক চিরন্তন চিত্র ছিল। তবে নতুন কমিটি প্রতিশ্রুতি দিয়েছে, এবার আর যানজটে নাকাল হতে হবে না দর্শনার্থীদের। সৌরভ শিকদারের কথায়, “আমরা খুব শীঘ্রই পুলিশের সঙ্গে বৈঠকে বসব। পুজোর জন্য কোনো রাস্তা বন্ধ করা হবে না।”

আইনি জটিলতা কি কাটবে? পুজোর আয়োজকদের সামনে এখন বড় চ্যালেঞ্জ এলআইসি (LIC)-র জমি সংক্রান্ত আইনি নোটিশ। অভিযোগ, সুরুচি সঙ্ঘের প্রায় ২২ কাঠা জমি এলআইসি-র, যেখানে বেআইনি নির্মাণ করা হয়েছে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এই জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার, নতুন কমিটি এই আইনি জট কাটিয়ে কীভাবে সুরুচির ঐতিহ্যবাহী পুজো সসম্মানে সম্পন্ন করে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূলের অরূপ-স্বরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘ কি এবার গেরুয়া শিবিরের পুজোর তকমা পাবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *