‘আমি তখন স্টার, দীপিকা শুধুই মডেল!’ রণবীরের ঘরণীকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই ড্যামেজ কন্ট্রোলে প্রাক্তন প্রেমিক!

বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের অতীত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চর্চার শেষ নেই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছে দীপিকার এক প্রাক্তনের পুরোনো ইন্টারভিউ। যেখানে ওই অভিনেতা দাবি করেছিলেন যে, দীপিকাই নাকি তাঁকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি নিজেই দীপিকাকে ছেড়ে দিয়েছিলেন! এই ভিডিও ক্লিপটি ভাইরাল হতেই নেটপাড়ায় তীব্র বিতর্ক শুরু হয়। আর এবার সেই বিতর্কের ড্যামেজ কন্ট্রোল করতে এবং নিজের অবস্থান স্পষ্ট করতে আসরে নামলেন মডেল-অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম (Muzammil Ibrahim)।

ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্যিটা কী?
বিতর্ক বাড়তে দেখে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি পোস্ট করেছেন মুজাম্মিল। তিনি স্পষ্ট জানান যে, যে ইন্টারভিউটি নিয়ে এত শোরগোল হচ্ছে, তা আসলে এক বছর আগে (২০২৫ সালে) রেকর্ড করা হয়েছিল।

মুজাম্মিল লিখেছেন, “যে সাক্ষাৎকারটি নিয়ে আলোচনা হচ্ছে এবং ‘নতুন দাবি’ বলে ভুল শিরোনাম দিয়ে ছড়ানো হচ্ছে, সেটি এক বছর আগের। পুরো কথোপকথন থেকে মাত্র কয়েকটি সেকেন্ড কেটে নিয়ে ভাইরাল করা হয়েছে। এডিটিংয়ের চক্করে আমি ঠিক কোন প্রসঙ্গে, কতটা ইতস্তত করে এবং কতটা সম্মানের সঙ্গে কথাগুলো বলেছিলাম, সেই মূল প্রেক্ষাপটটাই হারিয়ে গেছে।”

তিনি আরও যোগ করেন, “আমি আমার অতীতের মানুষদের নিয়ে সবসময় সম্মানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং সেই মানসিকতা এখনও বদলায়নি। বাকিদের মতো আমিও বহু বছর ধরে নিজের কাজ ও জীবন গোছাতে ব্যস্ত। আমি চাই আলোচনা যেন আমার কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে।”

পুরনো সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন মুজাম্মিল?
বিখ্যাত সঞ্চালক সিদ্ধার্থ কাননের দেওয়া সেই সাক্ষাৎকারে মুজাম্মিল তাঁদের মডেলিং জীবনের শুরুর দিনগুলোর কথা শেয়ার করেছিলেন। যা সম্প্রতি নতুন করে ভাইরাল হয়। সেখানে মুজাম্মিলকে বলতে শোনা যায়:

“বোম্বেতে (মুম্বই) আসার পর দীপিকার সঙ্গে আমার প্রথম আলাপ হয়, ওর ক্ষেত্রেও তাই। ওটাই ছিল আমার জীবনের প্রথম সিরিয়াস রিলেশনশিপ। দীপিকাই আমাকে প্রথম প্রপোজ করেছিল। আমাদের ব্রেক-আপ হয়ে যায় কারণ আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তাছাড়া, আমি তখন স্টার হয়ে গিয়েছিলাম, আর ও তখন শুধুই একজন মডেল ছিল।”

মুজাম্মিল সেই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন যে, ব্রেক-আপের পরেও বেশ কিছুদিন তাঁদের মধ্যে যোগাযোগ ছিল এবং তাঁরা একে অপরের সাফল্যে শুভেচ্ছা জানাতেন। কিন্তু ২০১৮ সালের নভেম্বরে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার বিয়ের পর তাঁদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে রণবীর ও দীপিকার কোলে এসেছে তাঁদের কন্যাসন্তান দুয়া (Dua)।

জলঘোলা বন্ধ করতে মরিয়া অভিনেতা
কাটাছাঁটা ভিডিওর মাধ্যমে যেভাবে তাঁর ও দীপিকার অতীত সম্পর্ককে বাজারে খাটো করার চেষ্টা করা হচ্ছে, তাতেই ক্ষুব্ধ মুজাম্মিল। তাঁর কথায়, সততার সঙ্গে কথা বলা এক জিনিস, আর কারও সম্মানহানি করা আলাদা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পুরনো চ্যাপ্টার নিয়ে অযথা জলঘোলা না করে সবাই যেন এখন তাঁর কাজ এবং বর্তমান জীবনে ফোকাস করেন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *