“সব যোগ্য মহিলাই টাকা পাবেন, সময় দিন”-অন্নপূর্ণা যোজনার জট কাটাতে বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যে যে বিক্ষোভের আবহ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে বড় আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দলীয় কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো প্রকৃত প্রাপকই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

মেচেদার এক হোটেলে আয়োজিত বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা মাত্র দু’মাস হয়েছে ক্ষমতায় এসেছি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই জনকল্যাণমূলক প্রকল্পগুলি দ্রুত চালু করা হয়েছে। এত বড় মাপের পরিষেবা চালু করতে গিয়ে কিছু প্রাথমিক সমস্যা হওয়া স্বাভাবিক। কিন্তু ‘গেল গেল’ রব তোলার কিছু নেই। নিয়ম মেনেই প্রতিটি যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও জানান, কিছু কারিগরি ত্রুটির কারণে অনেকের টাকা পৌঁছাতে দেরি হচ্ছে, তবে সরকার সেই সমস্যা দ্রুত সমাধান করছে।

১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’

এদিন মুখ্যমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, আগামী ১৬ অগস্ট রাজ্য সরকার ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করবে। উল্লেখ্য, এই দিনটিতেই গত সরকার ‘খেলা হবে’ দিবস পালন করত।

নির্বাচনী রণকৌশল ও বিজেপির লক্ষ্য

সরকারি প্রকল্পের পাশাপাশি দলীয় বৈঠক থেকে আগামী নির্বাচনের রণকৌশলও স্থির করেছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের উপনির্বাচন ও হলদিয়া পুরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “পূর্ব মেদিনীপুর জেলায় বর্তমানে বিজেপির ভোট শতাংশ ৫৬। আগামী দিনে এই হার ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে। বিরোধীরা আর প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাবে না।”

এদিনের বৈঠকে তমলুক সাংগঠনিক জেলার জনপ্রতিনিধি এবং মণ্ডল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী হরেকৃষ্ণ বেরা, বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও অশোক দিন্দা।

সরকার যেহেতু অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ি বাড়ি ভেরিফিকেশন এবং পোর্টালে ‘এডিট’ অপশন চালু করার মতো পদক্ষেপ নিয়েছে, তাই সাধারণ আবেদনকারীদের দুশ্চিন্তা কিছুটা কমবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *