নীল-সাদা পোশাকের বাধ্যবাধকতা শেষ! সরকারি স্কুলের ইউনিফর্মে বড় বদল, খুশি পড়ুয়া-অভিভাবকরা

রাজ্যের সরকারি স্কুলগুলির পোশাক নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান। ইউনিফর্মের রঙ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কঠোর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য সরকার। এখন থেকে প্রতিটি স্কুল তাদের নিজস্ব পছন্দ ও ঐতিহ্যের সঙ্গে মানানসই পোশাকের রঙ ও নকশা বেছে নিতে পারবে। এই সিদ্ধান্তে স্কুলের নিজস্ব স্বতন্ত্র পরিচয় আবার ফিরে আসবে বলে মনে করছেন শিক্ষাবিদ থেকে অভিভাবক মহল।
কী ছিল আগের নিয়ম?
২০২২ সালে রাজ্যের তরফ থেকে এক নির্দেশিকা জারি করে সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট নীল-সাদা পোশাক বাধ্যতামূলক করা হয়। সেই সময় রাজ্যের প্রায় প্রতিটি সরকারি স্কুলের পুরনো পোশাকের রঙ বদলে নীল-সাদা করা হয়েছিল। এতে স্কুলগুলির আলাদা পরিচয় অনেকটাই হারিয়ে গিয়েছিল। লোগো হিসেবে ব্যবহার করতে হতো ‘বিশ্ব বাংলা’।
কেন এই পরিবর্তন?
এই নতুন সিদ্ধান্তে খুশি সব মহল। বাঁকুড়ার এক স্কুলের প্রধান শিক্ষক সুজিত সিংহ মহাপাত্র জানান, আগে স্কুল পোশাকের মাপ বা সংগ্রহের দায়িত্ব সরাসরি নিতে পারত। নতুন নিয়মে অনেক সময় পড়ুয়াদের অনুপস্থিতি বা মাপের জটিলতায় সমস্যা তৈরি হচ্ছিল। এবার স্কুলগুলি নিজেরাই পোশাক নির্বাচনের স্বাধীনতা পাওয়ায় সেই জটিলতা কাটবে বলে আশা করা হচ্ছে।
অভিভাবকদের একাংশের মতে, ইউনিফর্মের রঙ আলাদা থাকলে কোন পড়ুয়া কোন স্কুলের, তা বাইরে থেকে সহজেই চেনা যায়। এছাড়া স্কুলের নিজস্ব পোশাক পড়ুয়াদের মনে প্রতিষ্ঠানের প্রতি একাত্মবোধ ও গর্ব তৈরি করে, যা দীর্ঘকাল বজায় ছিল না।
ফিরল পুরনো ঐতিহ্য
২০২২-এর আগে পর্যন্ত রাজ্যজুড়ে স্কুলগুলি নিজস্ব পছন্দমতো ইউনিফর্ম নির্বাচন করত। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সেই পুরনো প্রথাতেই ফিরছে শিক্ষাঙ্গন। সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির জন্য এটি একটি বড় স্বস্তির খবর। নির্দিষ্ট পোশাকের বাধ্যবাধকতা উঠে যাওয়ায় পড়াশোনার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।